স্পোর্টস ডেস্ক।।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অনুরোধের পর ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে তারা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে একটি সূত্র এ বিষয়ে জানিয়েছে।
বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ কলম্বো ও পালেকেল্লেতে খেলবে পাকিস্তান। তবে বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ায় টাইগারদের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচ বয়কটের কথা জানান পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটে জয় তুলে নেয় সালমান আলী আঘারা। আগামী ১৫ই ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না, এ নিয়ে গুঞ্জন রটছে অনেক। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর পিসিবিকে একটি ইমেল পাঠায় এসএলসি। সেখানে বলা হয়, কলম্বোতে নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বোর্ড। একই সঙ্গে দ্বীপদেশটিতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।
এর প্রেক্ষিতে দ্য হিন্দুকে এক সূত্র বলে, ‘সরকারি ও ক্রিকেট, উভয় স্তরেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্পর্ক বরাবরই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাঠানো এই চিঠিকে একেবারে উপেক্ষা করা সম্ভব নয়।’ সূত্রের দাবি, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার শ্রীলঙ্কান সংশ্লিষ্টদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে তিনি দ্রুত সিদ্ধান্ত জানাবেন।
এর আগে গণমাধ্যমে একটি খবর ছড়ায় যে, পাকিস্তান ইতিমধ্যে শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এমন দাবি উড়িয়ে দিয়ে সূত্রটি আরও বলে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল থেকেই দেশের বাইরে ছিলেন এবং আজ দেশে ফিরছেন। তিনি প্রধানমন্ত্রীর নজরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ই-মেলটি আনবেন। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট প্রত্যাহার করা যায় কি না, সে বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেয়া হতে পারে।’











































