Home খেলাধুলা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হামজার ক্লাবের

‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হামজার ক্লাবের

10


স্পোর্টস ডেস্ক

সময়টা একদমই অনুকূলে নেই লেস্টার সিটির। চোটের কারণে ইতিমধ্যে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে গেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে তলানিতে অবস্থান করছে লেস্টার। এর মধ্যেই বড় দুঃসংবাদ পেলো হামজাদের ক্লাব। আর্থিক নিয়ম ভাঙার দায়ে লেস্টের ৬ পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লীগ (ইএফএল)।


এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হওয়ায় টেবিলের ১৭ থেকে ২০তম স্থানে নেমে গেছে লেস্টার। ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগের পর গত বছরের মে মাসে লেস্টারের বিরুদ্ধে মামলা করে প্রিমিয়ার লীগ। এরপরই এই শাস্তির খড়গ নেমে এলো। মৌসুমটাও ভালো যাচ্ছে না লেস্টারের।

৩০ ম্যাচে স্রেফ ৩২ পয়েন্ট তুলতে পেরেছে ক্লাবটি। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান কেবল ৬ পয়েন্ট। এক বিবৃতিতে ইএফএল বলে ‘প্রিমিয়ার লীগের নিয়ম অনুযায়ী গঠিত স্বাধীন ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্ত ইএফএল নোট করেছে। ওই কমিশন নিশ্চিত করেছে যে, ২০২৩-২৪ মৌসুম থেকে তিন বছরের আর্থিক প্রতিবেদনে লেস্টার সিটি লাভ ও টেকসই নীতিমালা (পিএসআর) লঙ্ঘন করেছে। সব প্রাসঙ্গিক বিষয় বিবেচনার করে কমিশন ৬ পয়েন্ট কেটে নেয়ার সুপারিশ করেছে। ইএফএল বোর্ড বৈঠকে বসে সেই সিদ্ধান্ত পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে চ্যাম্পিয়নশিপ টেবিলে শাস্তি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।’ বর্তমানে লেস্টার সিটির কোনো স্থায়ী কোচ নেই। গত জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে লেস্টার। ফলে তারা নতুন কোচের সন্ধান করছে।

এ স্প্যানিশ কোচের অধীনে ২৯ ম্যাচের মধ্যে ১১টিতে হার দেখে লেস্টার। সিফুয়েন্তেসের পর লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি কিং। অবনমন কীভাবে ঠেকানো যায়, সেটাই এখন বড় চিন্তা তার। ব্ল্যাকবার্ন রোভার্স, ওয়েস্ট ব্রম, লেস্টার সিটি তিন দলেরই সমান ৩২ পয়েন্ট। গোল ব্যবধানের কারণে এগিয়ে লেস্টার। এদিকে হামজার চোট বাড়তি দুশ্চিন্তা লেস্টারের জন্য। শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে হামজা চোট পেয়েছেন। এরপর কোচ অ্যান্ডি জানিয়েছেন, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে হামজার। সেক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ। ৩১শে মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর।