ক্রীড়া প্রতিবেদক।।
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই তাকে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে। কদিন আগেই বোর্ড সভাশেষে পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল তাকে অবশ্যই সিলেকশনের জন্য বিবেচনা করবে।’ সাকিবের আইনি জটিলতা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানানো হয়। আসিফ বলেন, ‘সাকিবের আইনি বা ব্যক্তিগত বিষয়গুলো সরকার এবং আদালতের বিষয়। বোর্ড খেলোয়াড় হিসেবে সাকিবকে দলে চায়। বিসিবি সভাপতি এ প্রশাসনিক ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চমহলের সঙ্গে আলোচনা করবেন, যাতে বিষয়গুলো সমাধান করা যায়।’
বিসিবির এমন সিদ্ধান্তের পর আবার আলোচনায় সাকিব। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার কাছে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, শুরুতে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন।’ তবে এরপরই তিনি যেটা বলেছেন, তাতে সাকিব জাতীয় দলে এখনও যে কতটা গুরুত্বপূর্ণ তা পরিষ্কার। সালাউদ্দিন বলেন, ‘যদি কেউ বলে আমি সাকিবকে চাই না, তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড় সবচেয়ে বড় কথা দলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার একটা বোলার দুদিকেই পাবেন। সাকিবও যদি ফিট থাকে যে কেউ চাইবে, প্রশ্ন করার মতো বিষয় না।’
সাকিব আল হাসান নিজেও জাতীয় দলের জার্সিতে আবার মাঠে নামতে চান। তিনি দেশের মাটি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা অনেকবারই বলেছেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আর দেশে আসতে পারেননি। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। জাতীয় দলের একজন নিয়মিত সদস্য ও অধিনায়ক থাকাবস্থায় তার রাজনীতিতে নাম লেখানোর বিষয়টিকে ভালোভাবে নেয়নি দেশের অনেক মানুষ। তার বিরুদ্ধে দেশে একাধিক মামলাও আছে। তবে বিসিবি নতুন করে চেষ্টা করছে সাকিবকে আবার জাতীয় দলে ফেরাতে। তিনি ফিরতে পারবেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।











































