স্টাফ রিপোর্টার।।
খুলনার ৬ নম্বর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় শুভ সাহা (২৫) নামের এক যুবককে ট্রলারযোগে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অপহৃত ওই যুবকের কোনো সন্ধান পায়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ৬ নম্বর ঘাট এলাকার পল্টুনে বন্ধুদের সঙ্গে চা পান করছিলেন শুভ সাহা। এ সময় একটি ট্রলারে করে কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায়।
অপহরণের শিকার শুভ সাহা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কৃষ্ণনগর এলাকার দিপঙ্কর সাহার পুত্র। বর্তমানে তিনি ও তার পরিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
শুভ সাহার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা খালিশপুর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। তখন থানা থেকে জানানো হয়, তার সন্ধানের চেষ্টা করা হচ্ছে এবং সকালে মামলা নেওয়া হবে। তবে আজ ৪ ফেব্রুয়ারি সকাল থেকে পরিবারের সদস্যরা থানায় বারবার গেলেও বিকেল ৪টা পর্যন্ত কোনো মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
এদিকে অপহরণের ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শুভ সাহার পরিবার। দ্রুত তাকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।










































