Home Lead খুলনায় এবার বড় প্রভাবক হতে পারে নতুন ভোটার

খুলনায় এবার বড় প্রভাবক হতে পারে নতুন ভোটার

19

স্টাফ রিপোর্টার।।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনাসহ বিভাগের ৩৬টি আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৭ লাখ ৮৮ হাজার ৮০১ জন। এই নতুন ও তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় প্রভাবক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, শুধু খুলনা জেলার ৬টি সংসদীয় আসনেই ভোটার বেড়েছে এক লাখ এক হাজার ৪৫৩ জন। ভোটার বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় ৪৭টি নতুন ভোটকেন্দ্র যুক্ত হচ্ছে এবং ভোটকক্ষ বাড়ছে ৫৪৩টি। সংখ্যার বিচারে যেমন তারা গুরুত্বপূর্ণ, তেমনি ভোটের ফল নির্ধারণেও তরুণ ভোটারদের ভূমিকা হতে পারে নির্ণায়ক।

শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ। ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক আর ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে নতুন ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে তরুণ ভোটারদের চাওয়ার তালিকা এবার বেশ স্পষ্ট। গত এক দশকে খুলনা অঞ্চলে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এবং গ্যাস সংকটে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় জেলাজুড়ে বেড়েছে বেকারত্ব।

ফলে নতুন ভোটারদের প্রধান দাবি কর্মসংস্থান। এর পাশাপাশি তারা গুরুত্ব দিচ্ছেন আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, শিল্পাঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, আধুনিক ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, সরকারি চাকরিতে স্বচ্ছতা ও মেধা ভিত্তিক নিয়োগ, দ্রুতগতির ইন্টারনেট, মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগে।

তরুণদের ভাষায়, এবার তারা শুধু আশ্বাস নয় বাস্তবসম্মত, সময়বদ্ধ ও জবাবদিহিমূলক প্রতিশ্রুতি দেখতে চান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী রকিবুল ইসলাম বলেন, ‘নতুন ভোটার হিসেবে প্রার্থীদের কাছে আমাদের প্রথম চাওয়া কর্মসংস্থানের সুযোগ। শিক্ষা জীবন শুরু করার পর এ অঞ্চলের শিক্ষার্থীরা কাজ খুঁজে পান না। এর প্রধান কারণ খুলনা অঞ্চলে তেমন কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা চাই যে প্রার্থী বিজয়ী হয়ে আসবেন তিনি এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।’

একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রাইসা ইসলাম বলেন, ‘আমরা চাই মেধার সঠিক বিচার। এতদিন দেখে আসছি মামা-চাচা কিংবা রাজনৈতিক জোড় থাকলেই চাকরি পাওয়া সহজ হয়। আমরা চাই নতুন বাংলাদেশে এ বিষয়টি যেন আর না থাকে। মেধার ভিত্তিতেই যেন চাকরি পেতে পারি আমরা।’

খুলনা বিএল কলেজ থেকে সম্প্রতি শিক্ষা জীবন শেষ করা মাকসুদুল ইসলাম বলেন, ‘শিক্ষা জীবন শেষ করার পর নিজ উদ্যোগে কিছু করতে চেয়েছিলাম। তবে অর্থের অভাবে আমার উদ্যোক্তা হয়ে ওঠা হয়নি। আমাদের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করা গেলে অনেকে উদ্যোক্তা হয়ে উঠবে, চাকরির পেছনে আর ছুটবে না। এজন্য প্রার্থীদের কাছ থেকে আমরা স্পষ্ট প্রতিশ্রুতি চাই।’

এ দিকে এ বাস্তবতায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণাতেও জায়গা পাচ্ছে তরুণদের এসব সুনির্দিষ্ট দাবি। কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও শিক্ষাবান্ধব নীতির প্রতিশ্রুতি দিয়ে নতুন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘তরুণদের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা আছে। আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের তরুণদের প্রশিক্ষণ দরকার, ভালো স্কুল দরকার, কলেজ দরকার, বিশ্ববিদ্যালয় দরকার। দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য যে ধরনের শিক্ষা দরকার। আমরা এআই চাই, রোবটিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা এগুলো দিয়ে তরুণদের আকৃষ্ট করতে চাই। তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেই মানব সম্পদে পরিণত করতে চাই।’

এ দিকে জামায়াত ইসলামী মনোনীত খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা বলেছি, কোনো যুবক বেকার থাকবেন না। এটা রাষ্ট্রেরই দায়িত্ব হবে, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা। তাদের নানামুখী কার্যক্রম, দক্ষতা বৃদ্ধি করে এই জন শক্তিকে জন সম্পদে আমরা পরিণত করবো।’

তিনি আরও বলেন, ‘আরেকটা কথা আমরা বলেছি, তারা চাকরির জন্য ঘুরে বেড়াবেন না বরং তারা বিনিয়োগকারী হবেন। উদ্যোক্তা হওয়ার কারণে এরাই আরও মানুষের চাকরির ব্যবস্থা করতে পারবেন। এদের এতটা যোগ্য করে আমরা গড়ে তুলবো, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবো। আমরা বিনা সুদে তাদের ক্ষুদ্র পুঁজি দিয়ে ব্যবসা দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা করবো।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ এক হাজার ৩৩৫ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন প্রার্থী।