Home Lead ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’

‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’

18

>>মানুষ বুঝতে পারে, কারা বিভ্রান্তি ছড়াচ্ছে >> একটা দল ভোট দখলের চেষ্টা করছে’ >> কেবল বিএনপি রয়ে গেছে দেশের মানুষের পাশে>> করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ


খুলনাঞ্চল রিপোর্ট।।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ। যেহেতু আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সে জন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি। ’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন, জনগণের শাসন কায়েমের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন। তাই ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়েই ভোটকেন্দ্রে যেতে হবে। দলীয় নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
একটা দল নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় গেলে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ৫০ বছর আগেই তাদের দেখেছি। ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে তারা স্বাধীনতাবিরোধী পক্ষের সঙ্গে ছিল। যাদের ভূমিকার জন্য এই দেশের লাখ লাখ ভাই শহীদ হয়েছেন। এই দেশের লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। ’
শায়েস্তাগঞ্জে লক্ষাধিক জনগণের উপস্থিতিতে প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে তারেক রহমান ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে চা-বাগানের নারী শ্রমিক, গ্রামগঞ্জের নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।’
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘১৫ থেকে ১৬ বছর ধরে আমরা দেখেছি কিভাবে একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’
তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, বিগত ১৫ থেকে ১৬ বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।’
হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশ মঞ্চে তারেক রহমান আসেন ৫টা ৩৪ মিনিটে। নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মঞ্চেই তিনি মাগরিবের নামাজ আদায় করেন এবং প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন। তিনি আসার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। মঞ্চে উঠে বিএনপির চেয়ারম্যান হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক এমপি শাম্মী আক্তার সিফা। এ সময় হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জি কে গউছ, এস এম ফয়সল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে মঞ্চে উঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় সঙ্গে সঙ্গে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান তিনি।
তারেক রহমান ১০টা ৩৪ মিনিট থেকে বক্তব্য শুরু করে ১৯ মিনিট বক্তব্য দেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছিল চতুর্থ জনসভা।
সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে দলটির মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। জনসভায় খালেদ মাহবুব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি ছিলেন। সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন। জেলার নয় উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কীভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল, সেটা করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এরপর ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যেতে হবে। দরকার হলে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামায়াত করে।
এর আগে দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।
তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।চব্বিশের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে। ২০২৪ সালে জীবন দেওয়া হাজারো মানুষের সম্মান আমাদের রক্ষা করতে হবে। তাদের জীবনের বিনিময়ে আজ আমরা লাখ লাখ মানুষ একত্রিত হয়ে জমায়েত করতে পারছি।
তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে। প্রতিবাদী মানুষদের মামলার পর মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। এর মূল্য অবশ্যই তাদের দিতে হবে।
জেলা সভাপতি এম কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদির সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট ও সুনামগঞ্জের নেতারা বক্তব্য রাখেন।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে সমাবেশে যোগ দেন। সফরসূচি অনুযায়ী কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে ও সেখান থেকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশ এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি প্রধানের।