খুলনাঞ্চল রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে প্রচার-প্রচারণায় শেষ পর্যন্ত দরপত্র ছাড়াই ঠিকাদার নিয়োগ দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর একই কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকের সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এরই মধ্যে নির্মিত আকর্ষণীয় প্রচারসামগ্রীুযথা টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি দেশব্যাপী ব্যাপক প্রচারে অধিকতর ক্যারাভান অ্যাক্টিভেশন কার্যক্রমের জন্য ভৌত সেবা ক্যাটেগরিতে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের অনুমোদন চাওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। আগে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত থেকে সরে এসে কেন সরাসরি ক্রয় পদ্ধতিতে অনুমোদন দেওয়া হলো এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে কিছুই জানানো হয়নি। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম চালানো হবে, তারও উল্লেখ নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবটি সভায় আলোচনার জন্য এজেন্ডাভুক্তও ছিল না। বিবিধ আলোচ্য বিষয়বস্তু হিসেবে বৈঠকে উপস্থাপন করা হয়।
এর আগে গত ১৮ নভেম্বর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশনকে ২৫ কোটি টাকায় এই কাজ দেওয়ার প্রস্তাব উত্থাপন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মূলত জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি তৈরি করে প্রচারের জন্য এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনার কথা বলা হয়।
প্রস্তাবে বলা হয়েছিল, এ-সংক্রান্ত কাজ নভেম্বরে শুরু করার নির্দেশনা থাকায় সময় স্বল্পতার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করা সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয় বিধিমালা (পিপিপিআর) অনুসারে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে সরাসরি ক্রয় পদ্ধতিতে নিয়োগের ক্রয় প্রস্তাব নিয়ে আসা হয়। তবে উপদেষ্টা পরিষদ এভাবে কাজ দেওয়ার প্রস্তাবটি পাস করা হয়নি। বৈঠকে দরপত্রের মাধ্যমে চূড়ান্ত খরচ নির্ধারণের সিদ্ধান্ত হয়।
একই উপদেষ্টা কমিটি কেন শেষ পর্যন্ত দরপত্র ছাড়াই ঠিকাদার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিল, তা নিয়ে সরকারের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষ সাধারণত অর্থ উপদেষ্টা ব্রিফ করলেও বিদেশে থাকায় আজ কোনো ব্রিফ হয়নি। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোবাইল ফোনে কয়েক দফা কল দেওয়ার পাশাপাশি এসএমএস দিলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান বলেন, প্রচার কার্যক্রম বাড়ায় খরচ আগের চেয়ে বাড়ছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকেই প্রস্তাবটি পাঠানো হলেও বৈঠকের সিদ্ধান্তের রেজ্যুলেশন না হওয়ার আগ পর্যন্ত তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।











































