খুলনাঞ্চল রিপোর্ট।।
ভোলার বোরহানউদ্দিনে মালবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট-বাজারসংলগ্ন ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: লালমোহনের ভেদুরিয়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মিজান (৩৬), লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন খানের মেয়ে আজমিরী আমরিন (২০) ও একই উপজেলার মো. রিয়াজ (৪৩)। আজমিরী দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলা সদরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মানিকার হাট-বাজারসংলগ্ন ইদরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়াও দুর্ঘটনায় আহত অটোরিকশা চালকসহ তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।










































