Home খেলাধুলা ইসাকের প্রথম লিগ গোলে হারের ধারা ভাঙল লিভারপুল

ইসাকের প্রথম লিগ গোলে হারের ধারা ভাঙল লিভারপুল

10


স্পোর্টস ডেস্ক

অবশেষে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের খাতা খুললেন আলেকসান্দার ইসাক। তার সেই গুরুত্বপূর্ণ গোলেই টানা তিন ম্যাচে হারের পর জয়ের দেখা পেল আর্না স্লটের দল।

রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২–০ গোলে জিতে স্বস্তির জয় তুলে নেয় লিভারপুল। অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোলটি করেন কোডি হাকপো।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারা লিভারপুল প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে জয়ের মুখ দেখল প্রায় আড়াই মাস পরে—গত ১৪ সেপ্টেম্বরের পর প্রথমবার। ১৩ ম্যাচে সপ্তম জয়ে লাল জার্সিধারীরা এখন ২১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে অষ্টম স্থানে। ১১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে ১০ জন হয়ে খেলা শেষ করা ওয়েস্ট হ্যাম।

সাম্প্রতিক ব্যর্থতায় কোচের আস্থা হারিয়ে শুরুর একাদশে জায়গা পাননি মোহামেদ সালাহ। তবে সমস্যা যে শুধু সালাহকে ঘিরে, তা নয়—গত দুই মাস ধরে দলটি পুরোপুরি ছন্দহারা। ম্যাচের শুরুতেও তাদের ছিল এলোমেলো পারফরম্যান্স।

সময়ে গুছিয়ে উঠে আক্রমণে চাপ বাড়ায় লিভারপুল। ২১তম মিনিটে দুর্দান্ত সুযোগ পান ইসাক, কিন্তু কাছ থেকে গোলরক্ষক আরিওলাকে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। ৩৯তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে ফ্লোহিয়ান ভিয়েৎস নরম শটে আরেকটি সুযোগ নষ্ট করলে হতাশা বাড়ে অতিথিদের।

অবশেষে ৬০তম মিনিটে প্রতীক্ষার অবসান ঘটান ইসাক। কোডি হাকপোর কাটব্যাক পেয়ে দারুণ প্রথম ছোঁয়ার শটে বল জালে জড়ান সুইডিশ ফরোয়ার্ড, যিনি প্রায় সাড়ে ১২ কোটি পাউন্ডে গত সেপ্টেম্বরে যোগ দেন লিভারপুলে। এটি ছিল তার প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে প্রথম গোল।

৮১তম মিনিটে সোবোসলাইকে ফাউল করার পর রেফারির সঙ্গে দুর্ব্যবহার করে অযথা দুটি কার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস পাকেতা, যা ওয়েস্ট হ্যামের পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জো গোমেজের লম্বা পাস বুকে নামিয়ে জোরালো শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন হাকপো। তার ওই সুন্দর গোলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে অ্যানফিল্ড শিবির।