স্পোর্টস ডেস্ক
টানা হ্যাটট্রিক করে আলোচনায় আমিরুল ইসলাম। তার নেতৃত্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ।
রোববার ভারতের তামিলনাড়ুতে পুল ‘এফ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলের ড্র করে বাংলাদেশ। দুই ম্যাচে একটি হার ও একটি ড্র নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে তারা।
যদিও ম্যাচের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম কোয়ার্টারে দুই গোল ও দ্বিতীয় কোয়ার্টারে একটি গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে দল। তবে বিরতির পর বদলে যায় বাংলাদেশের চিত্র-শুরু হয় আমিরুলের জাদু।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা এই তরুণ ৩৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই আরেকটি পিসি থেকে ব্যবধান কমান তিনি। শেষে আরও একটি পেনাল্টি কর্নারে সাফল্য পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল-সাথে ম্যাচেও ফেরান সমতা।
মঙ্গলবার পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্সের।











































