Home বিনোদন দীর্ঘদিন পর ঐশী

দীর্ঘদিন পর ঐশী

12


স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন অপেক্ষা করেছেন। অবশেষে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবির নাম ‘নূর’। এ সিনেমায় তাকে আরিফিন শুভ’র বিপরীতে দেখা যাবে। এর আগে বেশ কিছু ছবির মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছেন ঐশী। এবার মুক্তির পথে ‘নূর’। রায়হান রাফী পরিচালিত এই প্রেমকাহিনী এবার প্রেক্ষাগৃহে নয়, সরাসরি বায়োস্কোপ প্লাস অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে। বছর তিনেক আগে ‘নূর’র ফার্স্ট লুক প্রকাশ করে নির্মাতা জানিয়েছিলেন, বড় পর্দার জন্যই নির্মিত হচ্ছে ‘নূর’। সেই সময়ে এই সিনেমার ফার্স্ট লুকও নজর কাড়ে। শুটিং শেষ হলেও বহুদিন আটকে থাকার পর অবশেষে ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপ প্লাস-এ আসছে ছবিটি। শুক্রবার প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার। যা মাত্র ৪২ সেকেন্ডের হলেও ভক্তদের আগ্রহের পারদ বাড়িয়েছে। টিজারে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র শুভ তার প্রেমিকা ঐশীকে হারিয়ে মানসিকভাবে বিভ্রান্ত ও দিশাহারা। অন্ধকারে কিছু বিধ্বস্ত মুহূর্তের পরই ফ্ল্যাশব্যাক আকারে ফুটে ওঠে তাদের গভীর প্রেম ও রোমান্টিক মুহূর্তগুলো। এরইমধ্যে এসেছে একটি গানের ফার্স্ট লুকও! যে গানটিতে কণ্ঠ দিতে শোনা গেছে সেরা কণ্ঠখ্যাত শিল্পী ইমরানকে। ‘মিশন এক্সট্রিম’ এবং ‘মিশন এক্সট্রিম-২: ব্ল্যাক ওয়ার’র সফল জুটি ছিলেন শুভ-ঐশী। ‘নূর’ হতে যাচ্ছে তাদের তৃতীয় সিনেমা। ছবিটি প্রসঙ্গে ঐশী বলেন, এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি। ছবিটি অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে। বেশ ভালো লাগছে। কারণ অনেক দিন অপেক্ষায় ছিলাম ছবিটি মুক্তির। এবার অপেক্ষার পালা শেষ। আমার বিশ্বাস ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দৃশ্য দর্শকদের ভালো লাগবে।