স্টাফ রিপোর্টার
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ক্যারিয়ারে অর্জনের কমতি নেই। প্রথম গানেই পেয়ে যান আকাশছোঁয়া সফলতা। এরপর একে একে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দেন তিনি। প্লে-ব্যাক, অডিও- সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করে আজকের অবস্থানে তিনি। স্বীকৃতিস্বরূপ সবচেয়ে কম বয়সে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আবার সবচেয়ে কম বয়সে জাতীয় চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যও হয়েছেন। এবার গানের বাইরে একটি ভিন্ন অর্জন যোগ হলো তার। আর সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ওপর লন্ডন থেকে একটি ডিপ্লোমা করে ফেলেছেন তিনি। তাও অনেকটা নীরবেই। গত কয়েক মাস ধরে গানের পাশাপাশি এই ডিপ্লোমায় সময় দিয়েছেন তিনি। বিশেষ করে লন্ডনে একাধিকবার গমন করেছেন।
পাশাপাশি গান, পরিবার সব সামলে মনোযোগী হয়েছিলেন পড়াশোনায়। অবশেষে লন্ডনের ন্যাশনাল ডিজাইন একাডেমি থেকে ইন্টেরিয়র ডিজাইনের ওপর ডিপ্লোমা শেষ করেছেন তিনি। অনেকের কাছে হঠাৎ হলেও ডিজাইনের ওপর ন্যান্সির টান অনেক পুরনো। তিনি নিজের বাড়ির ডিজাইনও নিজেই করেছেন। এমনকি ঢাকার যে ফ্ল্যাটে তিনি থাকেন তার ইন্টেরিয়রও এ গায়িকার করা। তবে এ বিষয়ে প্রফেশনাল একটা ডিগ্রি অর্জন করতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন ডিজাইনের জগতে ডুব দিয়ে অনেক কিছু জানতে। ইচ্ছামতো এসবই করে ফেলেছেন তিনি। ন্যান্সি বলেন, ইন্টেরিয়র ডিজাইন আমার প্যাশন। এ বিষয়ে ডিপ্লোমা করতে অনেক কিছু ব্যালেন্স করতে হয়েছে আমাকে। গান, সংসার- সব সামলে এটি করা বেশ চ্যালেঞ্জিংও ছিল। যদিও সেটা সবার সহযোগিতায় শেষ করতে পারলাম। এখন এই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তবে, নতুন দিগন্তের সূচনা হয়েছে বলেই মনে করছি। সামনে এ বিষয়ে প্রফেশনালি যাত্রা শুরু করতে চাই। সেই পথেই এগোচ্ছি।











































