Home আঞ্চলিক রাষ্ট্রদ্রোহী মামলায় এড. পরভেজ আলম খান কারাগারে

রাষ্ট্রদ্রোহী মামলায় এড. পরভেজ আলম খান কারাগারে

116


স্টাফ রিপোর্টার।।
খুলনায় রাষ্ট্রদ্রোহী মামলায় আওয়ামী লীগ নেতা এড. পরভেজ আলম খানকে কারাগারে প্রেরন করেছে আদালত। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ ডিসেম্বর) খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহা: মহিদুজ্জামান এ নির্দেশ প্রদান করেন।


তিনি জানান, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গত ১১ আগস্ট সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায়।
দায়েরকৃত মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এম মুজিবুর রহমান, বাগেরহাট–১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও আইনজীবী পারভেজ আলম খান। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।


এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ২২ এপ্রিল খুলনা মহানগরের ময়লাপোতা এলাকা থেকে সন্দেহভাজন এম এম মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় । তাঁর কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের তথ্য থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামের গ্রুপে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছিল।


পরে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। ৪ আগস্ট কেএমপি অনুমতি পায়। এরপর ১১ আগস্ট সোনাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখ করে মোট ৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ওই আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেয়। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তীতে নিম্ন আদালতের বিচারক গত ৩০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তাকে অন্তর্বর্তী জামিন দেন। পরে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ তাকে ১ ডিসেম্বর পর্যন্ত পূর্বের আদেশ বর্ধিত করেন। জমিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সোমবার উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।