বাগেরহাট প্রতিনিধি।।
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট। নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যা বাংলাদেশের যেকোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে বিআইএফপিসিএল’র উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, মাসব্যাপী বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা প্লান্টের উচ্চ শিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক কর্ম পরিকল্পনার ফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
২০২২ সালে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর যান্ত্রিক ত্রুটি, কয়লা সংকটসহ নানা কারণে বেশ কয়েক দফায় বন্ধ হয়ে যায়। তবে গত কয়েক মাসে কেন্দ্রটি ধারাবাহিকভাবে উৎপাদন বাড়াচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগস্টে বিদ্যুৎ উৎপাদনের হার (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) ছিল ৭৮ দশমিক ৫৮ শতাংশ। দেশের মোট ১০ হাজার ১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে এককভাবে এই কেন্দ্রের অবদান ছিল ৭ দশমিক ৬২ শতাংশ। গত তিন মাস ধরে কেন্দ্রটি ধারাবাহিকভাবে ৬০০ মিলিয়নের বেশি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে আসছে। এ সময়ে মোট উৎপাদন হয়েছে ২ হাজার ৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিট।
বাংলাদেশ-ভারত সহযোগিতার প্রতীক হিসেবে পরিচিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২২ সালের ডিসেম্বরে প্রথম ইউনিট চালুর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এরপর ধাপে ধাপে দুই ইউনিটই উৎপাদনে যায়। প্রায় ১৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্র বর্তমানে দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।











































