Home আঞ্চলিক দখল আর দূষণে মেহেরপুরের ৪ নদী এখন খাল

দখল আর দূষণে মেহেরপুরের ৪ নদী এখন খাল

10


খুলনাঞ্চল রিপোর্ট
কৃষিভিত্তিক উর্বর জমির জেলা মেহেরপুরে নদীগুলো দিন দিন হারাচ্ছে তার নাব্যতা। দখল আর দূষণের ফলে মেহেরপুরের ৪টি নদী পরিণত হয়েছে খালে। এছাড়া খননের অভাব ও উৎসমুখে বাধ দেওয়ার কারনে স্রোত হারিয়েছে নদীগুলো।
ফলে বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে এগুলো। নদীগুলোর এমন বেহাল দশায় জীবিকা হারাচ্ছে জেলে সম্প্রদায় আর সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। এতে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ বলে মত পরিবেশকর্মীদের। নতুন পরিকল্পনার কথা জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
ভৈরব, মাথাভাঙ্গা, কাজলা আর ছেউটিয়া নদীবেষ্টিত জেলা মেহেরপুর। একসময় জেলার বাণিজ্যের প্রধান যোগাযোগ ব্যবস্থা হিসেবে নদীপথকে ব্যবহার করা হতো। বিভিন্ন বানিজ্যিক জাহাজের মাধ্যমে পণ্য আমদানি ও রফতানি করা হতো নদীগুলোর মাধ্যমে। অথচ এখন জাহাজ তো দূরের কথা নৌকারও দেখা মেলে না নদীগুলোতে। স্রোত, নাব্যতা আর প্রশস্ততা হারিয়ে নদীগুলোর কোনোটি হয়েছে খাল আবার কোনো কোনো স্থানে তা ড্রেনে রূপ নিয়েছে। বর্ষা মৌসুমে কখনো কখনো কিছুটা পানি থাকলেও অনেক স্থানে শুকনো মৌসুমে খেলার মাঠে পরিনত হয় নদীগর্ভ।
জেলাটিতে মোট ১৬২ কিমি নদী রয়েছে, যার মোধ্য ভৈরব ও কাজলা ৫৮ কিলোমিটার করে মাথাভাঙ্গা ৩০ কিলোমিটার এবং ছেউটিয়া নদীটি ১৬ কিমি দৈর্ঘ্য। সম্প্রতি ২০১৭ সালে ২৭৯ কোটি টাকা ব্যয়ে ভৈরব নদী খনন করে সরকার। যেখানে গড়ে ভৈরব নদীর প্রশস্ততা ছিল ৬০ মিটার করে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, কাজলা নদীর গড় প্রশস্ততা ৩০ মিটার, ছেউটিয়া নদীর ২৫ মিটার এবং মাথাভাঙ্গা নদী ৩৫ মিটার। অথচ সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীগুলোর প্রশস্ততা অর্ধেকে নেমে এসেছে। কোন কোন স্থানে অবৈধ দখলের ফলে নদী হারিয়ে পরিণত হয়েছে সমান্তরাল জমিতে। আমঝুপি দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীতে গিয়ে দেখা যায় নীলকুঠির পাশে নদী সংকুচিত হয়ে ৮-১০ মিটারে নেমে এসেছে। সদ্য খনন হওয়া ভৈরব নদীতে গিয়ে দেখা যায় কচুরিপানায় ভরে গেছে। অথচ গেল বছর ৪৫ লক্ষ টাকা ব্যয়ে কচুরিপানা পরিষ্কার করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া মাথাভাঙ্গা ও ছেউটিয়া নদীতে গিয়ে দেখা যায় বেশ কিছু স্থানে নাব্যতা তলানিতে নেমেছে।
দেখা যায়, ভৈরব নদীর ধারে গড়ে উঠেছে একটি হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসার দায়িত্বে থাকা ইসারুদ্দিনকে প্রশ্ন করলে জমিটি মেহেরপুর শহরের তাতিপাড়া আমেরিকা প্রবাসী আসাদুল ইসলামের জমি বলে দাবি করেন তিনি। এছাড়াও পাশে আরেকটি ভবন নির্মাণাধীন রয়েছে বলেও দেখা যায় তবে কে বা কারা করছে তার কোন হদিস মেলেনি। ভৈরব ছাড়াও মাথাভাঙ্গা চেওটিয়া ও কাজলা নদীর পার দখল করে অনেকেই চাষাবাদ করছেন বলেও জানা যায়।
মেহেরপুর জেলার নদীর ইতিহাস জানাতে গিয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তি প্রভাষক জাহির হোসেন চঞ্চল বলেন, ‘এক সময় বাণিজ্যের জন্য বড় বড় বজ্রা নৌকা চলাচল করতো এ অঞ্চল দিয়ে। মেহেরপুরে বেশ কিছু অঞ্চলে নদীর বন্দর হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু নদীর জমি দখল হওয়ার ফলে এখন সেগুলো খালে পরিণত হয়েছে। নদীর জমি উদ্ধারে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।’ বন্ধুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘নদীর পাশে অনেকেই নিজের জমির সাথে নদীর জমি দখল করে চাষ করছে। এতে নদীর মাটি কেটে সমান করেছে অনেক দখলদার।’ মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইমরান হোসেন বলেন, ‘প্রতিনিয়ত নদীর পাশে নতুন নতুন ভবন উঠছে। আগে ওগুলো নদীর জমি বলে জানতাম, কিন্তু এখন শুনছি সেগুলো ব্যক্তি মালিকানাধীন। প্রশাসনেরও কোনো পদক্ষেপ দেখা যায় না।’
নদীগুলোর এমন বেহাল দশার ফলে জীবিকা হারাচ্ছে জেলে সম্প্রদায়। আগে নদীতে মাছ পাওয়া গেলেও এখন তা আর পাওয়া যায় না বলে অভিযোগ করেন জেলা সম্প্রদায়ের অনেকেই। মেহেরপুর গাংনী ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যার সাবেক প্রভাষক ও পরিবেশ কর্মী এনামুল আজিম বলেন, ‘প্রতিনিয়ত নদীকে বিভিন্নভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নদী বাঁচাতে হলে নিয়মিত কিছু প্রকল্প ও কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। নদীর স্রোত বহমান থাকলে এবং দখল ও দূষণ রোধ করতে পারলে নদীগুলোর সাথে সাথে অঞ্চলের পরিবেশ রক্ষা পাবে।’
মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শান্ত দত্ত বলেন, ‘নদীর দৈর্ঘ্য ঠিক থাকলেও প্রস্থ অনেক স্থানে এক-তৃতীয়াংশ নেমেছে। ইতিপূর্বে অবৈধ দখলদারদের প্রায় ১২০ জনের একটি তালিকা করে জেলা প্রশাসনকে দেওয়া হয়েছিল।’ তবে নদী রক্ষায় নিয়মিত কিছু প্রকল্প চলমান থাকা দরকার বলে মনে করেন এই কর্মকর্তা।