Home খেলাধুলা নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন

8


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে দীর্ঘদিন পর ফিরেছেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। গত ডিসেম্বরে শেষ টেস্ট খেলার পর এবারই প্রথম লাল বলের দলে ফিরছেন তিনি। একই স্কোয়াডে জায়গা পেয়েছেন ফিটনেস ফিরে পাওয়া ড্যারিল মিচেলও, যিনি প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর ফিরেছেন দলে।

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নেওয়ার পর উইলিয়ামসনকে প্লাংকেট শিল্ডের দ্বিতীয় রাউন্ডেও দেখা যাবে, যাতে টেস্ট শুরুর আগে নিজেকে ম্যাচ প্রস্তুত করে নিতে পারেন।

জিম্বাবুয়ের বিপক্ষে একসঙ্গে টেস্ট অভিষেক হওয়া জ্যাকব ডাফি ও জাকারি ফাউল্কস দু’জনই প্রথম টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। বিশেষ করে ফাউল্কস অভিষেকে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সেরা ডেবিউ বোলিং পরিসংখ্যান গড়েন।

ব্লেয়ার টিকনারও ফিরেছেন টেস্ট সেটআপে-মার্চ ২০২৩-এর পর এটাই তার প্রথম ডাক।

কাইল জেমিসন ও গ্লেন ফিলিপস এখনো চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় স্কোয়াডে রাখা হয়নি। নিয়ন্ত্রিত রেড-বল রিটার্ন প্রোগ্রামের অধীনে তাদের পুনর্বাসন চলছে। একইভাবে শিন ইনজুরিতে ম্যাট ফিশার, পিঠের চোটে উইল ও’রুক এবং হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন বেন সিয়ার্স-যাদের কেউই নির্বাচনের জন্য উপলব্ধ নন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২ ডিসেম্বর, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জাক ফাউল্কস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।