শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
উচ্চ আদালতের একটি নিষেধাজ্ঞাকে সামনে রেখে শ্যামনগর উপজেলার উপকূল রক্ষাবাঁধ ছিদ্র করে একের পর এক পাইপ স্থাপন করা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়ছে বাঁধটি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, একটি রিটের পরিপ্রেক্ষিতে পাইপ অপসারণের বিরুদ্ধে গত মাসে স্থগিতাদেশ আসে। এখন আগের তুলনায় অনেক বেশি পাইপ স্থাপন করা হলেও তারা কিছু করতে পারছেন না। তবে রিটকারী ইউপি চেয়ারম্যান বলছেন, বাঁধের ওপর দিয়ে বসানো পাইপ অপসারণে নিষেধাজ্ঞা চেয়ে তিনি রিট করেছিলেন। ফলে বাঁধ ছিদ্র করার সুযোগ নেই। শ্যামনগরের তীব্র ভাঙনকবলিত মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং এলাকায় উপকূল রক্ষাবাঁধ ছিদ্র করে পাইপ স্থাপন করেছেন স্থানীয় চিংড়িচাষি তপন গাইন। শুক্রবার রাতে পাইপ বসানোর পর গতকাল শনিবার সকাল থেকে চিংড়িঘেরে নদীর লবণাক্ত পানি ঢোকানো শুরু করেন তিনি। ৫ নম্বর পোল্ডারের আওতাধীন ওই বাঁধে তিনটি পাইপ স্থাপন করেছেন তিনি। অথচ প্রায় ছয় সপ্তাহ আগে ওই বাঁধ থেকে অননুমোদিত পাইপ অপসারণে অভিযান চালায় প্রশাসন। তখন একই স্থান থেকে বড় বড় চারটি পাইপ সরিয়ে দেওয়া হয়।
নতুন করে আবার বাঁধ ছিদ্র করে পাইপ স্থাপনের ফলে স্থানীয়রা ফের ভাঙন আতঙ্কে পড়ার কথা জানিয়েছেন। তাদের দাবি, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম পাইপ অপসারণে ক্ষতি হচ্ছে দাবি করে হাইকোর্টে রিট করেছেন। সেই রিটকে পুঁজি করে তপন গাইনের মতো অনেকে উপকূল রক্ষাবাঁধ কেটে ও ছিদ্র করে পাইপ বসানোর পাঁয়তারা চালাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এসব পাইপ অপসারণ করা না হলে আগামী বর্ষা মৌসুমে দুর্যোগপ্রবণ এলাকাটিতে ভয়াবহ ভাঙন দেখা দেবে।
মরাগাং গ্রামের প্রিয়াংকা মণ্ডল জানান, তারা সুন্দরবনের নদীতে মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, শুক্রবার রাতে পাইপ স্থাপনের পর গতকাল সকাল থেকে নদীর লবণপানি লোকালয়ে ঢোকাতে শুরু করেন তপন গাইন ও তাঁর লোকজন। একপর্যায়ে দুপুরে জোয়ারের সময় ওই পাইপ দিয়ে আসা লবণপানিতে তাঁর নিচু বসতভিটা ডুবে যাওয়ার উপক্রম হয়। সাগর মণ্ডলসহ স্থানীয় গ্রামবাসী জানান, উপকূল রক্ষাবাঁধের একেবারে কোলঘেঁষে তাদের বসতঘর। আগে দুই বার নদীভাঙনে বসতভিটা হারিয়ে এখন তারা নিঃস্ব। নতুন করে বাঁধের মধ্যে পাইপ স্থাপন করে লবণপানি প্রবেশ করানোয় তারা পুনরায় ভাঙন আতঙ্কে পড়েছেন। বসতভিটায় আর জায়গা-জমি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আরেকবার বাঁধ ভাঙলে পরিবার-পরিজন নিয়ে বৃদ্ধ বয়সে এলাকা ছেড়ে চলে যেতে হবে।’
নতুন করে পাইপ স্থাপনকারী তপন গাইন দাবি করেন, অন্যদের স্থাপন করা পাইপ সরানো হলে তিনি নিজের পাইপ সরিয়ে নেবেন। এর আগে পাউবোর নির্দেশনা পেয়ে তিনি পাইপ সরিয়ে নিয়েছিলেন। পাশের কিছু পাইপ অপসারণ না হওয়ায় তিনি আবার পাইপ স্থাপন করেছেন।
নতুন করে পাইপ স্থাপনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পাউবো সাব-ডিভিশন-২-এর ওই পোল্ডারের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, বাঁধের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টায় তারা প্রায় ১০ সপ্তাহ আগে উপকূল রক্ষাবাঁধে স্থাপন করা সব পাইপ ও কল অপসারণে অভিযান শুরু করেন। প্রায় ৭০ ভাগ পাইপ অপসারণের একপর্যায়ে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ত্রণালয়ের নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। এতে আদালত পাইপ অপসারণের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দেন। আগামী ৫ ডিসেম্বর এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে তারা পাইপ অপসারণ বন্ধ রেখেছেন। কিন্তু রিট হওয়ার পর এখন আগের তুলনায় বাঁধে অনেক বেশি পাইপ স্থাপন করা হচ্ছে। আদালতের নির্দেশনার কারণে তারা নতুন করে পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে নিজেরা অসহায় অবস্থায় রয়েছেন দাবি করে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা আরও জানান, এভাবে যত্রতত্র পাইপ স্থাপনের কারণে বাঁধ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে বুঝেও তারা কিছুই করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
তবে রিটকারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল বাঁধের ওপর দিয়ে (১৪ ফুট টপ) দু’পাশে পাইপ লাগিয়ে পানি ওঠানোর ব্যাপারে। সেক্ষেত্রে বাঁধের মধ্যভাগ ছিদ্র করে কিংবা অন্য কোনো উপায়ে বাঁধের ক্ষতি করে পানি প্রবেশের সুযোগ নেই। এ কারণে আদালত রুল জারির পাশাপাশি বাঁধের ওপর দিয়ে স্থাপনকৃত পাইপ অপসারণে স্থগিতাদেশ দিয়েছেন। তিনি আরও বলেন, এখন কেউ বাঁধ কেটে বা ছিদ্র করে পাইপ স্থাপন করলে তার দায় তাঁকেই নিতে হবে।











































