স্টাফ রিপোর্টার
খুলনা নাসিং কলেজের স্টাফ যুথিকা রানী মুখার্জীর গলার চেন ছিনতাইকালে গ্রেফতার মো. রাসেল শেখকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। রাসেল নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নং-৭ এর কামাল জোহরীর বাড়ির ভাড়াটিয়া মো. খোকন শেখের ছেলে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরষিৎ মন্ডল রাসেলকে আদালতে হাজির করেন।
মামলার বিবরণে জানা যায়, বয়রা শশ্মানঘাট রোডের শুধাকরের বাড়ির ভাড়াটিয়া রিপন কুমার মন্ডলের স্ত্রী খুলনা নাসিং কলেজের স্টাফ যুথিকা রানী মুখার্জী ৮ অক্টোবর দুপুর ২টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এসময় শেখ হাবিবুর রহমান সড়কস্থ বিসমিাল্লাহ হোটেল এন্ড বিরিয়ানী হাউজের সামনে পৌছালে ইজিবাইক চালিয়ে এসে পিছন থেকে যুথিকা রানীর গলার চেন ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যুথিকা রানীর ডাকচিৎকারে ইজিবাইক দ্রুতগতিতে চালাতে গিয়ে আহসানউল্লাহ সড়কের জনতা বিস্কুট ফ্যাক্টরীর সামনে ধাক্কা খেয়ে ইজিবাইকসহ ছিনতাইকারী পড়ে যায়। আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। এঘটনায় খুলনা নাসিং কলেজের স্টাফ যুথিকা রানী মুখার্জীর স্বামী রিপন কুমার মন্ডল বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন যার নং-১৮।










































