মিলি রহমান>>
দেশে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীসহ গোটা দেশ যখন উত্তাল তখন থেকে নেই খুলনা অঞ্চলে ধর্ষনের মত ন্যাক্কারজনক ঘটনা। শুক্রবার শাহবাগের মহাসমাবেশ থেকে বামধারার ছাত্র সংগঠনগুলো ৯ দফা দাবি জানিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছে। তখন খুলনায় খালু, পাইকগাছায় মামু, আশাশুনিতে শিক্ষক, যশোরে বাস কন্ট্রাক্টর ও শার্শায় প্রতিবন্ধী ধর্ষনের ঘটনা ঘটেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গৃহবধূ, বিধবা, শিক্ষার্থী এবং ৪ শিশুসহ ১৩ জন ধর্ষণের শিকার হয়েছেন। বিভিন্ন স্থানে ধর্ষণের অভিযোগে এসব এলাকায় অন্তত ২৫ জনকে আটক অথবা গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এর মধ্যে যশোরে বাসের মধ্যে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ কয়েকজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৮, চরফ্যাশনে ২, সাভারে ৭ এবং জামালপুর, হাতিয়া এবং বাঘা, ভূঞাপুরে একজন করে গ্রেফতার করা হয়েছে। আবার যশোরে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনার খবরও পাওয়া গেছে। বরিশালে পৃথক ধর্ষণের ঘটনায় দুই নারী অন্তঃসত্ত্বা হয়েছেন। জামালপুরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। যশোরে অপর এক ঘটনায় ধর্ষকের হাত থেকে বাঁচতে আকুতি জানিয়েছেন এক নারী।
খুলনা: খুলনা মহানগরীর গল্লামারী ব্যাংক কোয়ার্টারে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আপন খালু চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে তাকে নগরীর শের এ বাংলা রোডের হাজীবাড়ী মিজানের বস্তি থেকে শিববাড়ী মোড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোর্পদ করে। আটককৃত চুন্নু মিয়া গল্লামারী ব্যাংক কোয়ার্টারের আব্দুল বারেক তালুকদারের ছেলে। সোনাডাঙ্গা পাইকারী কাঁচা বাজারের (বস্তা সেলাই) শ্রমিক। নির্যাতিত শিশুটির স্বজনদের অভিযোগ, শিশুটির খালা বাসায় না থাকা অবস্থায় গেল তিন মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে তার খালু চুন্নু মিয়া। গেল দুই/তিনদিন শিশুটি অসুস্থবোধ করলে মায়ের চাপাচাপিতে খালু চুন্নু মিয়া কর্তৃক দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনা খুলে বলে। শিশুটির বাসা গল্লামারী দরগা রোডে। গত বৃহস্পতিবার ও শুক্রবার পারিবারিকভাবে মিমাংসার জন্যে বসলেও আপোষ হয়নি ঘটনাটি। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর শেরে বাংলা রোডের আমতলা হাজীবাড়ী মিজানের বস্তি থেকে পারিবারিক আপোস-দফারফা মিটিং চলাকালে চুন্নু মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করে ধর্ষণ বিরোধী আন্দোলতরত শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত চুন্নু মিয়ার স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়েটা আমার আপন বোনের মেয়ে। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে; ওকে অন্যরা এসব কথা শিখাইদিছে। এ অভিযোগ মিথ্যা কথা।
আন্দোলনরত শিক্ষার্থী মোঃ দারুল আনান, মোঃ হামিম তরফদার, সাইমুম আলম জিয়া ও ঈসা আনসারী অভিযুক্ত চুন্নু মিয়াকে আটক করেন। তারা জানান, স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরে পুলিশকে অবহিত করেছে। নির্যাতিত শিশুটির সাথেও তাদের কথা হয়েছে। কোন শিশু ধর্ষণের ব্যাপারে মিথ্যা অভিযোগ তুলতে পারে না। অবশ্যই ঘটনাটি সত্য। এঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, আটক করা হয়েছে। তবে এখনো কেউ মামলা করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের প্রতিনিধি বাবুল আক্তার জানান, পাইকগাছায় বোনের বাড়ীর সকলকে পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর। ঘটনার ৬ দিন পর পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা। ধর্ষক গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে, ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায়।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাড়–লী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান তার চাচাতো বোনের বাড়ীতে যায়। ঘটনার দিন রাত সাড়ে ১০টায় তরল পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ীর ৫জনকে অচেতন করে। এ সময় রাতে অচেতন অবস্থায় নাসির গাজীর মেঝ মেয়েকে ধর্ষণ করে। রাতে সকলকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়। বিষয়টি পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত হওয়ার পরে ভিকটিমের বাড়ীতে যাই। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেলে ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার পাইকগাছা থানায় মামলা করেছে। এ ব্যাপারে এজাজ শফী জানান, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।
বেনাপোল প্রতিনিধি মহসিন মিলন জানান, যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে (৩০) ধর্ষিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তাকে মুখ বেধে পাশ্ববর্তী একটি মাঠে নিয়ে ধর্ষন করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে যার নং- ১৫। পুলিশ জানায়, সন্ধ্যায় আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ঐ গ্রামের নুরাল মোড়লের ছেলে আব্দুল গফফার (৪০) ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা ধর্ষককে হাতে নাতে আটক করে। পরে রাজনৈতিক পরিচয় দানকারী প্রভাবশালী মহলসহ ধর্ষকের ভাইরা এসে ধর্ষিতার আত্মীয় স্বজনকে মারধর করে জোরপূর্বক ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায় এবং বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে থানায়। আসামিদের আটকের জন্য অভিযান চলছে বলে তিনি জানান।
যশোর অফিস প্রধান কে এম রফিক জানান, যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে।
আটক মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। ঘটনার শিকার নারীর বাড়ি মাগুরার শালিখা এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।
মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে।
আমাদের আশাশুনি প্রতিনিধি গোলাম মোস্তফা জানান, আশাশুনিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানীর ঘটনায় প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছেন পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ উপজেলা সদরের কোদন্ডা গ্রাম থেকে প্রধান শিক্ষককে গ্রেফতার করেন। আশাশুনি কে বি এ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কোদন্ডা গ্রামের মৃত বাবর আলি কারিগরের পুত্র মইনুর ইসলাম ভিকটিম ছাত্রীর বাড়ীতে যান। ছাত্রী যথানিয়মে শিক্ষকের সাথে কুশল বিনিময় করে বারান্দায় চেয়ারে বসতে দেয়। এসময় ছাত্রীর পিতা-মাতা বাঁশ কাটতে গিয়েছিল। শিক্ষক অভিভাবকদের অবস্থান জেনে শুনে সুযোগ বুঝে ছাত্রীকে কথা আছে বলে ঘরের ভেতরে ডেকে নেয়। কোমলমতি শিশু সরল মনে স্যারের ডাকে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন শিক্ষক মেয়েটিকে ঝাপটে ধরে চুমু খেয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটায়। এক পর্যায়ে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর মেয়েটি তার ঢাকায় থাকা বড় বোনের সাথে মোবাইলে কথা বলার পর ঘটনাটি জানাজানি হয়। বেলা ১২টার দিকে মঈনুর পুনরায় ছাত্রীর বাড়ীতে গেলে বাড়ীর লোকজন থানা পুলিশকে জানায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির ঘটনাস্থলে পৌছে শিক্ষক মঈনুরকে আটক করে এবং ভিকটিমকে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে মঈনুরকে আসামী করে এজাহার দাখিল করেছেন। শিক্ষক মঈনুর ইসলাম জানান, আমি মেয়েটির বাড়ী যাই এবং স্কুলের বেতনের কথা বলি। ছাত্রীটি বলেন, আমার বাবা মা বাড়ী নেই। এরপর আমি আমার বাড়ীতে ফিরে আসি। ছাত্রীটি মেধাবী হওয়ায় ছোট বেলা থেকে আমি তাকে কোলে পিঠে করে যতœ করি। শ্লীলতাহানীর ঘটনা অমুলক। শ্লীলতাহানীর ঘটনা শুনে কোদন্ডা গ্রামের জনৈক এক ব্যক্তির সঙ্গে আমি পুনরায় মেয়েটির বাড়ীতে যাই। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে আমাকে আটক করেন।
চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮: চট্টগ্রাম মহানগরীতে এক গৃহবধূকে রিক্সা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার সিএ্যান্ডবি মোড় এলাকায় ঘটে এ ঘটনা। এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করার কথা জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।
ভূঞাপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ: টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার অর্জুনা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল বাসুদেবকোল গ্রামে এ ঘটনা ঘটে। গত ৮ অক্টোবর বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।
চরফ্যাশনে শিশু ও গৃহবধূ ধর্ষণের চেষ্টায় গ্রেফতার ২: ভোলার চরফ্যাশনে শিশু ও গৃহবধূ ধর্ষণের চেষ্টার পৃথক দুটি ঘটনা ঘটেছে। থানা পুলিশ ধর্ষণের চেষ্টার অভিযোগে শুক্রবার তাহের ব্যাপারী (৫৫) মোঃ মফিজুল ইসলাম (৪৫) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন।
নেত্রকোনায় বিধবা ধর্ষণের অভিযোগে মামলা: জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দীন ইসলাম ওরফে আবু নামে (৪৫) এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত দীন ইসলামের বাড়ি ওই ইউনিয়নের মনকান্দিয়া গ্রামে। বুধবার রাতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলাটি দায়ের করেন।
হাতিয়ায় ধর্ষণের অভিযোগে একজন আটক: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় হরনী ইউনিয়নে ইসলামপুর গ্রামে ফুলবানু ২৫ (ছদ্দনাম) নামের এক স্বামী পরিত্যক্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ইউছুফ ডুবাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার: রাজশাহীর বাঘায় বিয়ের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি বাদশা আলম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগল ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোরে ধর্ষণে জন্ম নেয়া শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা: শোরে জন্মদাতার বিরুদ্ধে আল আমিন (৫) নামে একটি শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামে বুধবার রাতে তাকে হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন শিশুটির নানি। তবে শিশুটির জন্মদাতার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বরিশালে পৃথক ধর্ষণের ঘটনায় দুই নারী অন্তঃসত্ত্বা: জলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পরেছে। ধর্ষক চার সন্তানের জনক প্রভাবশালীদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাভারে চার শিশু ধর্ষণ ও এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭: সাভারে পৃথক তিনটি ঘটনায় চার শিশু ধর্ষণ ও এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার এক নারীকে গণধর্ষণ ও তিন শিশুকে ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের এবং নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক তিনটি ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জামালপুরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, স্বামী গ্রেফতার: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্ধুকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি স্বামী রাশেদ মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মামলাটির প্রধান আসামি রাশেদের বন্ধু মোশারফ মিয়া (৩০) পলাতক। উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামে বুধবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।
যশোরে ধর্ষকের হাত থেকে বাঁচতে এক নারীর আকুতি: যশোরের রূপদিয়ার শাখারগাতি এলাকার হিরো কোম্পানির প্রোডাক্ট ইনচার্জ আব্দুল মান্নানের বিরুদ্ধে এক গৃহবধূকে ব্লাকমেল করে তিন বছর ধরে ধর্ষণ করার গুরুতর অভিযোগ উঠেছে। ওই নারীর সঙ্গে তার প্রথমে ফেসবুকে পরিচয়। এরপর বাড়িতে অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করে নিয়মিত বিভিন্ন এলাকায় নিয়ে ধর্ষণ করেন মান্নান। বর্তমানে তিনি ওই গৃহবধূর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করছেন। বাধ্য হয়ে ওই নারী তার শিশু সন্তানকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।











































