Home Lead খুলনায় ৪ খুন: আইজিপির সফরের পরই দুই স্থানে নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য

খুলনায় ৪ খুন: আইজিপির সফরের পরই দুই স্থানে নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য

416


স্টাফ রিপোর্টার।।


খুলনায় আবারও ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের খুলনা সফরের মাত্র ২৪ ঘণ্টার মাথায় দুই স্থানে সংঘটিত হয়েছে চারটি নৃশংস খুন। রহস্যজনকভাবে নানি ও দুই নাতিসহ মোট তিনজনকে লবণচরায় এবং পৃথক ঘটনায় করিমনগরে গলা কেটে হত্যা করা হয়েছে এক যুবককে। পরপর দুটি হত্যাকাণ্ডে পুরো নগরীতে দেখা দিয়েছে আতঙ্ক।


লবণচরায় নানি-নাতি হত্যা: ঘর ভেঙে উদ্ধার তিন মরদেহ: রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাটের দরবেশ গলি এলাকায় একটি ঘর থেকে পুলিশ উদ্ধার করে তিনজনের মরদেহ। নিহতরা—সাহিদুন্নেছা (৫৫), নাতি মোস্তাকিম (৯) ও নাতনি ফাতিহা আহম্মেদ (৮)। শিশু দুটির বাবা-মা চাকরিজনিত কারণে সকালে তাদের নানির কাছে রেখে বের হন। সন্ধ্যায় ফিরে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সহায়তায় ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরের মধ্যে পাওয়া যায় নানির মরদেহ, আর পাশে মুরগির ঘর থেকে উদ্ধার করা হয় দুই শিশুর নিথর দেহ।
লবণচরা থানার ওসি সানওয়ার হুসাইন মাসুম জানান, তিনজনের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং মরদেহ শক্ত হয়ে গেছে, যা দুপুরেই হত্যার ইঙ্গিত দেয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তের আগে বলা যাচ্ছে না।


করিমনগরে গলা কেটে যুবক হত্যা: এর মাত্র এক ঘণ্টা আগে, সন্ধ্যা ৭টার দিকে নগরীর করিমনগর এলাকায় দুর্বৃত্তরা গলা কেটে ও গুলি করে হত্যা করে আলাউদ্দিন মৃধা (৩৫)-কে। স্ত্রীসহ ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় ৬–৭ জন হামলাকারী বাড়িতে ঢুকে প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে—দুটি গুলি লাগে বুকে ও পেটে। পরে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে নিশ্চিত করা হয় মৃত্যু। সোনাডাঙ্গা থানার এসআই সুমন হাওলাদার জানান, নিহত আলাউদ্দিন মাদক কারবারে জড়িত ছিলেন এবং সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।


আইজিপির সফরের পর টানা চার খুনে প্রশ্ন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে: আইজিপি বাহারুল আলম খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার ২৪ ঘণ্টা না পেরোতেই চার খুন-এ ঘটনা নিয়ে জনমনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের দাবি, দুটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তবে টানা হত্যাকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। খুনের ঘটনাস্থল দুটি থেকে আলাদা আলাদা আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডি।