Home আঞ্চলিক নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পলিন গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পলিন গ্রেপ্তার

450


স্টাফ রিপোর্টার

খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পলিনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সাহেবের কবর খানা রোডের পুরাতন সিআইডি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পলিন রাজধানী ঢাকায় বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলেন। তিনি খুলনা থেকে কয়েকজন সহযোগীকে নিয়ে ঢাকায় গিয়ে সহিংস কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

ওসি তৈমুর ইসলাম আরও বলেন, “আমরা নিশ্চিত তথ্য পাই যে, ১৩ নভেম্বর ঢাকায় পরিকল্পিতভাবে নাশকতা ঘটানোর জন্য পলিন তার অনুসারীদের সংগঠিত করছিলো। এ খবরের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে আটক করতে সক্ষম হই।”

পলিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি। অতীতে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, পলিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত নাশকতার সম্ভাব্য নেটওয়ার্ক উন্মোচনে সহায়ক হবে।

অন্যদিকে, পলিনের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, তার রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিলো। আবার কেউ কেউ বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার হতে পারে।

খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময় রাজনৈতিক সহিংসতা ও নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি।