খুলনাঞ্চল রিপোর্ট।।
মোংলায় সুন্দরবনে ঘুরতে এসে জালীবোট ডুবে নিখোঁজ পাইলাট রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। দীর্ঘ অভিযানে নিখোঁজের ৪৮ ঘন্টা পর ওই নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১০ নভেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গত ৮ নভেম্বর ১৩ জন পর্যটক সুন্দরবনে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার উত্তরা থেকে প্রথমে দাকোপ উপজেলার রেখামারী এলাকায় একটি রিসোর্ট ভাড়া করে। সেখানে রাত্রীযাপন শেষে ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে জালিবোট যোগে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। বোটটি দুপুর ১টার দিকে সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন পশুর নদীর ত্রিমোহনায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ১২ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা আফজাল নামে নারী পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা বেইজ ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল এবং বন বিভাগের সদস্যরা অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ২ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর ১০ নভেম্বর সকালে মোংলার জয়মনি এলাকায় অবস্থিত (খাদ্যগুদাম) সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহ পরবর্তীতে চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’










































