Home Lead একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত উপকূলের জেলেরা

একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত উপকূলের জেলেরা

25
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 116.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;


আবু হোসাইন সুমন, মোংলা
সাগর-নদী ও সুন্দরবনে মাছ ধরায় একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে পড়েছে উপকূলের জেলেরা। প্রায় সারা বছর ধরেই মৌসুম ভিত্তিক থাকছে কোন না কোন অবরোধ। এতোসব অবরোধের মধ্যে মাছ শিকারেরও তেমন একটা সুযোগ নেই জেলেদের। বংশপরম্পরায় এ পেশায় টিকে থাকতে ধার-দেনা করে জেলেরা জাল ও নৌকা তৈরি করলেও সেই টাকাই উঠছেনা তাদের। আর লাভ তো দূরের কথা। তাই ঋণের বোঝা যেমনি বাড়ছে তেমনি সাথ ছাড়ছেনা অভাব- অনটনও।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, প্রতি বছর জানুয়ারী মাসে ১৫ দিন ও ফেব্রুয়ারী মাসে ১৫ দিন চালানো হয় বিশেষ কম্বিং অপারেশন। সকল প্রকার অবৈধ জাল নির্মুলে এ অপারেশন চালানো হয় নদ-নদীতে। এ সময় বেশির ভাগ জেলেরা অবৈধ জাল ব্যবহার করে থাকেন। অবৈধ জাল ছাড়া অন্য জাল দিয়ে মাছ ধরতে পারেন জেলেরা। অবৈধ জালের অভিযান চলাকালে কোন সহায়তা পাননা জেলেরা।
এছাড়া প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বন্ধ থাকে সমুদ্রে মাছ আহরণ। এ ৫৮ দিন সমুদ্রে সকল প্রজাতির মাছের প্রজনন মৌসুম। এ মৌসুমে কোন জেলেই কোন প্রজাতিরই মাছ শিকার করতে পারেন না সাগরে। এ সময়টাতে কার্ডধারী জেলেদের প্রত্যেককে ৭০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়। মুলত ডিম দেয়ার এ সময়টাতে যাতে জেলেরা মাছ শিকার থেকে বিরত থাকে সেজন্য এ চাল সহায়তা দিয়ে থাকে মৎস্য বিভাগ।
আর প্রতি বছর অক্টোবর মাসে ২২দিন অবরোধ থাকে সাগর ও নদীতে। এ ২২দিন ধরে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়ে থাকে। এ ২২ দিনে সাগর-নদীতে সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা বন্ধ থাকে জেলেদের। এ সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকায় কার্ডধারী জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেয়া হয়।
অপরদিকে প্রতি বছর ১ লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। এ সময়টাতে ঝাটকা ইলিশ সংরক্ষণ করা হয়ে থাকে।
নিষেধাজ্ঞার এ লম্বা সময়ে কার্ডধারী জেলেরা দুই ধাপে চাল সহায়তা পেয়ে থাকেন। প্রথম দপায় ৮০ কেজি আর দ্বিতীয় দফায় ৮০ কেজি করে চাল পান জেলেরা। এ সময়টাতে ঝাটকা বাদে অন্যান্য মাছ ধরতে পারে জেলেরা।
স্থানীয় জেলে জাহিদ ব্যাপারী, চয়ন বিশ্বাস ও সিরাজ শিকদার বলেন, আমাদের পূর্ব পুরুষেরাও নদীতে নৌকা ও জাল-দড়ি বেয়েছে। আমরাও তাই করছি। কিন্তু এখন তো নদীতে আগের মত মাছ নেই। তাই খোরাকী তো দূরে থাক, জাল-নৌকা বানানোর টাকাই ওঠেনা। আর বন্ধের সময় যে চাল সহায়তা পাই তা দিয়ে আমাদের চলেনা। খুব কষ্ট হয়।
জেলে মোঃ কামাল হোসেন ও ওহিদুল শেখ বলেন, আমরা আর কত বছর মাছ ধরলে জেলে কার্ড পাবো। ২৫/৩০ বছর ধরে নদীতে মাছ ধরি, কিন্তু আজ পর্যন্ত জেলে কার্ড পাইনি। যাদের কার্ড আছে তারা তো কিছু সাহায্য-সহযোগীতা পায়, আর আমরা তো কিছুই পাইনা। আমাদের সংসার চালাতেই খুব কষ্ট হয়। ছেলে-মেয়েদের লেখাপড়া করানোর মত টাকা আয় করতে পারিনা। তারাও নদীতে জাল ধরে।
জেলে আঃ রশিদ ও ইস্রাফিল বয়াতী বলেন, সারা বছর ধরেই প্রায়ই ধাপে ধাপে সাগর-নদীতে নিষেধাজ্ঞা থাকে। নিষেধাজ্ঞার সময় আমাদের ঘরে বেকার বসে থাকতে হয়। নদীতে নামলে অভিযানে জাল-নৌকা নিয়ে যায়। আমরা তো ছোট বেলা থেকেই এ পেশায় জড়িত, আমরা তো অন্য কোন কিছু করতে পারিনা। আমাদের যদি বিকল্প কাজ কর্মের ব্যবস্থা করতো সরকার তাহলে খেয়ে পরে অন্তত বেচে থাকতে পারতাম।
জাতীয় মৎস্যজীবি সমিতির মোংলা শাখা সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, এ এলাকায় প্রায় ৩০ হাজার জেলে রয়েছে। যাদের মধ্যে ১৫ হাজার জেলে নিবন্ধিত হওয়ার যোগ্য। কিন্তু এখানে নিবন্ধিত জেলে রয়েছে ৬ হাজারের একটু বেশি। বাকীরা আবেদন দিয়েই যাচ্ছে কিন্তু কার্ড পাচ্ছেনা। আর যাদের কার্ড আছে তাদের অনেকেই আবার জেলে না। তাই প্রকৃত জেলেরা যাতে কার্ড পায় সেই দাবী জানাই মৎস্য অধিদপ্তরের কাছে। এছাড়া যারা কার্ডধারী রয়েছে তারা সবাইও কিন্তু সহায়তা পাননা। আর যারা যে সহায়তা পান তা দিয়ে তাদের চলেনা। তাই সহায়তার পরিমাণও বাড়ানো খুব প্রয়োজন। সেই সাথে অনিবন্ধিত জেলেদেরকেও দ্রুত নিবন্ধনের আওতায় আনা উচিত। অবশ্য এ বিষয়টি নিয়ে উর্ধতন প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।
এছাড়া সুন্দরবনের বন্যপ্রাণী, উদ্ভিদ ও মাছের প্রজননের জন্য টানা তিন মাসের নিষেধাজ্ঞা থাকে বনবিভাগের। প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত চলে এ নিষেধাজ্ঞা। যদিও এ সময়টাতে কোন ধরণের সহায়তাই পাননা জেলেরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, মোংলায় নিবন্ধিত জেলে রয়েছে ৬৩৯৮ জন। আরো আবেদনের যাচাই-বাছাই চলছে। মৎস্য অধিদপ্তরের দেয়া নিষেধাজ্ঞাকালে জেলেদের চাল সহায়তা দেয়া হয়ে থাকে। তবে বনবিভাগের যে নিষেধাজ্ঞা থাকে সে সময় জেলেদের কোন কিছু দেয়া হয়না। তবে বনবিভাগ এবার প্রথম উদ্যোগ নিয়েছে তাদের নিষেধাজ্ঞাকালীন ভুক্তভোগীদের কিছু সহায়তা করার। আশা করা যাচ্ছে আগামী বছর থেকে জেলেরা বনবিভাগের কাছ থেকে কিছু সহায়তা পাবেন।