Home আন্তর্জাতিক লাইট বন্ধ করা নিয়ে ঝগড়া, সহকর্মীকে ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা

লাইট বন্ধ করা নিয়ে ঝগড়া, সহকর্মীকে ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা

10

অনলাইন ডেস্ক।।

ভারতের বেঙ্গালুরুতে লাইট বন্ধ করা নিয়ে ঝগড়ার জেরে এক সহকর্মীকে ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন অপর এক কর্মী। শনিবার (০১ অক্টোবর) ভোররাতে শহরের গোবিন্দরাজ নগর এলাকায় এ ঘটনা ঘটে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত দেড়টার দিকে ‘ডাটা ডিজিটাল ব্যাংক’ নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নিহত ভীমেশ বাবু (৪১) কর্ণাটকের চিত্রদুর্গা জেলার বাসিন্দা। তিনি ‘ডাটা ডিজিটাল ব্যাংক’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন, যেখানে সিনেমার শুটিং ভিডিও সংরক্ষণের কাজ হয়।

ঘটনার সময় রাতের শিফটে ডিউটিতে ছিলেন ভীমেশ ও তার সহকর্মী অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা সোমালা বামশি (২৪)। অফিসের আলো নিভিয়ে দেয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বামশি রাগের মাথায় ডাম্বেল দিয়ে ভীমেশের কপালে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত বামশি সরাসরি গোবিন্দরাজ নগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।