স্টাফ রিপোর্টার।।
খুলনায় দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো নতুন কারাগার। শনিবার (১ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুরনো কারাগার থেকে ১০০ জন সশ্রম এবং বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দিকে স্থানান্তর করা হয় নতুন কারাগারে।
এ সময় কারা কর্তৃপক্ষ নতুন কারাগারে কয়েদিদের ফুল দিয়ে স্বাগত জানায়। যা খুলনার কারা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা-উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, ডেপুটি জেল সুপার আব্দুল্লাহ হেল আল আমিন, জেলার মুহাম্মদ মুনীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খুলনার সিটি বাইপাস সড়কের পাশে ৩০ একর জায়গাজুড়ে গড়ে তোলা এই আধুনিক কারাগারের নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে। নানা জটিলতা ও সময়ক্ষেপণের পর অবশেষে ২৮৮ কোটি টাকা ব্যয়ে শেষ হয় প্রকল্পটির নির্মাণ কাজ।
নতুন কারাগারটি ঘুরে দেখা গেছে, এটি যেন আধুনিক কোনো আবাসিক এলাকার মতোই। রঙিন ভবন, প্রশস্ত পাকা রাস্তা, টাইলস বসানো ফুটপাত আর সুন্দরভাবে সাজানো সব স্থাপনা। বন্দিদের জন্য নির্মিত প্রতিটি ভবনের চারপাশে রয়েছে পৃথক সীমানাপ্রাচীর, যাতে এক শ্রেণির বন্দি অন্য শ্রেণির সঙ্গে যোগাযোগ করতে না পারে। নিরাপত্তা জোরদারে পুরো কারাগারজুড়ে নির্মিত হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ দেয়াল।

খুলনা গণপূর্ত বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, মোট ৫৭টি স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার মধ্যে বন্দিদের থাকার ভবন ১১টি। সবকিছুই কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, জনবল সংকটের কারণে আপাতত সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পূর্ণাঙ্গ জনবল না পাওয়া পর্যন্ত শুধুমাত্র ছয়তলা পুরুষ হাজতি ব্যারাক এবং নারী ও কিশোরী বন্দিদের ব্যারাক চালু থাকবে। প্রাথমিকভাবে সাজাপ্রাপ্ত বন্দিদের রাখা হবে এসব ব্যারাকে। এতে আদালতে আনা–নেয়ার ঝামেলাও কমবে।
খুলনা জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানান, নতুন কারাগার পরিচালনায় প্রয়োজন ৬০০ জন জনবল। বর্তমানে রয়েছে ৮৩ জন। আর পুরাতন কারাগারে জনবল আছে ২০৮ জন। আপাতত এই জনবল দিয়েই দুটি কারাগার চালাতে হবে।
তিনি আরও জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী খুলনায় পুরনো ও নতুন দুটি কারাগারই একসঙ্গে চালু থাকবে। পুরনো কারাগারে রাখা হবে মহানগরীর বন্দিদের, আর নতুন কারাগারে রাখা হবে জেলার নয় উপজেলার বন্দিদের।
নতুন কারাগারটি নির্মাণ করা হয়েছে আধুনিক সংশোধনাগার হিসেবে। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ভবন ছাড়াও রয়েছে কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, নারীদের জন্য হাসপাতাল, মোটিভেশন সেন্টার ও ওয়ার্কশেড। বন্দিদের চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার হাসপাতাল, পাশাপাশি কারারক্ষীদের সন্তানদের জন্য স্কুল, লাইব্রেরি, ডাইনিং, আধুনিক সেলুন ও লন্ড্রি। শিশুসন্তানসহ নারী বন্দিদের জন্যও আছে পৃথক ওয়ার্ড ও ডে-কেয়ার সেন্টার, যেখানে সাধারণ বন্দিদের প্রবেশাধিকার থাকবে না।

খুলনা ডিভিশন কারাগারের ডিআইজি প্রিজন মনির আহমেদ বলেন, এই কারাগার শুধু বন্দিদের রাখার স্থান নয়, এটি একটি পূর্ণাঙ্গ সংশোধনাগার। এখানে শাস্তির সঙ্গে সংশোধন ও পুনর্বাসনের সুযোগও থাকবে।
১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে খুলনায় শুরু হয়েছে এক নতুন অধ্যায়। খুলনা জেল ব্যবস্থাপনায় যুক্ত হলো দেশের অন্যতম আধুনিক ও নিরাপদ সংশোধনাগার। যেখানে বন্দিরা পাবেন নতুনভাবে সমাজে ফিরে আসার সুযোগও।











































