Home আঞ্চলিক বদলি হলেও খুমেকে দাপট, সেলিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি

বদলি হলেও খুমেকে দাপট, সেলিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি

22


জাহিদুর রহমান
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক নুর মোহাম্মদ খান লিটু হামলার শিকারের ঘটনা প্রকাশ হওয়ায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে উঠে এসেছে রোগী শোষণকারী সিন্ডিকেটের মূলহোতা সিন্ডিকেটের মো. সেলিমুজ্জামান নামে টেকনোলজিস্টের বিরুদ্ধে অভিযোগ—দুর্নীতি, দালাল নিয়ন্ত্রণ, রোগী ভাগিয়ে নেওয়া সরকারি আদেশ অমান্যের বিভিন্ন অভিযোগ।
গত সোমবার (২৭ অক্টোবর) সকালে খুমেকের বহির্বিভাগে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক পরিচয় পাওয়ার পর সরাসরি হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আনসার সদস্যদের সহায়তায় আহত সাংবাদিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওসি কবির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মো. সেলিমুজ্জামান পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত হওয়া সত্ত্বেও খুলনায় অবস্থান করে খুমেক হাসপাতালের দেয়াল ঘেঁষে তাঁর অবৈধ ‘রওশনা ডায়াগনস্টিক ল্যাব এন্ড রিসার্চ সেন্টার’ পরিচালনা এবং রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ বহুদিনের।
সূত্র বলছে, সেলিমুজ্জামান ও তাঁর নার্স স্ত্রী মিলেই একটি রোগী শোষণকারী সিন্ডিকেট পরিচালনা করছেন। ওয়ার্ড ও বহির্বিভাগে অবস্থান নিয়ে রোগীদের নানা কৌশলে বাইরে পাঠানো হয়। ফলে চিকিৎসা বঞ্চিত হচ্ছে অসহায় রোগীরা। হাসপাতালের ভেতর ব্যাপক ভীতি ও ক্ষোভ বিরাজ করছে।
সেলিমুজ্জামান অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যোগদান করে ১৪ মাসের ছুটিতে আছি। সাংবাদিকের উপর হামলার অভিযোগ সত্য নয়। তাঁর এই মন্তব্যকে সংশ্লিষ্টরা ‘প্রহসন’ বলছেন।
হামলার শিকার সাংবাদিক লিটু বলেন, সত্য প্রকাশ করতে গেলেই হামলা হয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য অধিদপ্তর (খুলনা বিভাগ) একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তারা ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্ত কমিটির সভাপতি— ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিঃ কনসালটেন্ট (প্যাথলজী) ডাঃ ছাবিকুন নাহার চৌধুরী ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম।
এ ছাড়া স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন দপ্তরগুলোতেও আলাদা চিঠি পাঠানো হয়েছে।
হাসপাতালের ভেতরে দুর্নীতি, রোগী শোষণ ও সাংবাদিক নির্যাতনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার কি আদৌ ব্যবস্থা হবে? নাকি আগের মতোই শক্তির দাপটে সব চাপা পড়ে যাবে—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খুমেকের রোগী ও স্বজনদের মনে।
অভিযুক্ত মো. সেলিমুজ্জামানকে অবিলম্বে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্টের পদ থেকে চাকরিচ্যুত করা এবং খুমেক হাসপাতালের দেয়ালঘেঁষা অবৈধ ‘রওশনা ডায়াগনস্টিক ল্যাব এন্ড রিসার্চ সেন্টার’ সিলগালা করার দাবিতে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ ও স্বাস্থ্যসেবাুসংশ্লিষ্ট ব্যক্তিরা।