সৈয়দ রানা কবীর
মাত্র আড়াই মাসে একই পাড়ায় দুটি হত্যাকান্ড ও হত্যার উদ্দেশ্য প্রতিপক্ষসহ দুই বাড়িতে একাধিক গুলিকরে ব্যাপক ক্ষতিসাধন করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড় ৫টা থেকে পৌনে ৬ টার মধ্যে দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর থেকে সমগ্র মহেশ্বরপাশা জুড়ে এখন চরম আতংক বিরাজ করছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নেই চোখে পড়ার মত তেমন কোন পুলিশি টহল। সাধারণ মানুষ রয়েছেন চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে। খুলনা নগরীর বৃহত্তর মহেশ্বরপাশা এলাকা এক সময় ছিল শান্ত, নিরিবিলি ও সামাজিকতা বেষ্টিত সকল শ্রেণি পেশার মানুষের কাছে সুপরিচিত। সেই শান্ত ও সামাজিকতা বেষ্টিত এলাকা এখন অশান্ত হয়ে পড়েছে। তবে সেই মহেশ্বরপাশা এখন নতুন করে মানুষের কাছে পরিচিতি পেয়েছে সন্ত্রাস, হত্যা, চুরি, ডাকাতি, মারামারি আর মাদকের এলাকা হিসাবে। স্থানীয়রা ভয়ে এসব ঘটনার প্রতিবাদ করতে পারছেন না।
এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাগেছে, গত ১১ আগষ্ট প্রকাশ্য দিবালোকে দুপুর দেড়টায় দিকে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় সাবেক যুবদল নেতা মাহাবুবুর রহমানকে তার নিজ বাড়ির ভেতরে তিনটি মোটরসাইকেল যোগে এসে ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে, কুপিয়ে ও পায়ের রগকেটে হত্যা করে। ১ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সর্বশেষ ২৮ অক্টোবর মঙ্গলবার ভোরে হত্যার উদ্দেশ্য নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুটিরঘাট এলাকায় মেহেদী হাসানের বাড়িতে চার মোটরসাইকেল যোগে আট জন অস্ত্রধারী দুর্বৃত্তরা বাড়ির গেট থেকে কয়েকটি রুমে ১০/ ১৫ রাউন্ড গুলি করে ভাংচুর ও ক্ষতিসাধন করে। এ সময় সকল অস্ত্রধারীরাই হেলমেট পরিহিত ছিল। বাড়ির ভেতরে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মেহেদী হাসানের স্ত্রী ইসমত জাহান ও পুলিশ জানায়, চিকিৎসার জন্য মেহেদী হাসান ভারতে রয়েছেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে তার আত্মীয়র বাসায় ছিলেন। প্রতিবেশীদের ফোনকলে জানতে পারেন তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে ব্যাপক ক্ষতিসাধন করছে। মেহেদীর স্ত্রী ইসমত জাহান তাৎক্ষণিক ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে দৌলতপুর থানার পুলিশ পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেন। এ সময় তারা বাইরের সিসি ক্যামেরার ঘটনার সময়কার ফুটেজ সংরক্ষণ করেন। তবে অস্ত্রধারীরা যাওয়ার সময় দুটি সিসি ক্যামেরা ভেঙে দিয়ে যায়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে দৌলতপুর মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একাধারে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লেও বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন হামলার শিকার ওই বাড়ির পরিবারের সদস্যরা।
বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে এসে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলি ছোঁড়ার পর পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালার থাই গ্লাস ভেঙে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার নিজ রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কারা এবং কী কারণে গুলি করেছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি।
কেএমপির ডেপুটি কমিশনার তাজুল ইসলাম ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম জানান, মেহেদী হাসান ওরফে কানা মেহেদীর নামে কেএমপির দৌলতপুর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় নয়টি এবং দিঘলিয়া থানায় একটিসহ দুইটি হত্যা, অস্ত্র আইনে একটি ও মারামারি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। সর্বমোট ১০ মামলার আসামী মেহেদী হাসান।
ডেপুটি কমিশনার তাজুল ইসলাম আরো জানান, কিছুদিন পূর্বে সে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে। তার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজা হয়েছে। সেই মামলায় মেহেদী কিছুদিন পূর্ব জামিনে জেল থেকে মুক্তি পেয়েছে।











































