স্পোর্টস রিপোর্টার।।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের কঠিন লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। পরের মাসে থাইল্যান্ডে বসছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। তার আগে দল দুটিকে প্রস্তুত করতে শিষ্যদের নিয়ে চট্টগ্রামের কোরিয়ান ইডিজেডে তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছেন কোচ পিটার বাটলার। তারই ধারাবাহিকতায় থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের (৫৩তম) বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারে বাংলাদেশ (১০৪তম)। গতকাল দ্বিতীয় প্রীতি ম্যাচে হারের ব্যবধান ৫-১। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র।
এদিন ব্যাংককের অ্যানিভার্সারি স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই আক্রমণ করে থাইল্যান্ড। বারবার বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল উদযাপন করে স্বাগতিকেরা। বাংলাদেশ প্রথম গোল হজম করে ১২ মিনিটে। কোচ বাটলারের সাজানো হাইলাইন ডিফেন্স তছনছ করে স্কোরলাইন ১-০ করেন থাইল্যান্ডের অধিনায়ক সাওয়ালাক পেংগাম। এর আগে পঞ্চম মিনিটে থাইল্যান্ডের আরেকটি আক্রমণ পোস্ট ছেড়ে রুখেছেন গোলরক্ষক রুপনা চাকমা। ১৬ মিনিটে বাঁ প্রান্ত ধরে একাই বল নিয়ে ছোটেন ঋতুপর্ণা চাকমা। শেষ পর্যন্ত নিজেদের অর্ধে তাঁকে আটকায় থাই ডিফেন্ডাররা। এর ঠিক চার মিনিট পর ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ২৩ মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সদ্ব্যবহার করে থাইল্যান্ড। মাঝমাঠ থেকে লম্বা শটে বাড়ানো বল গোলরক্ষক রুপনার মাথার ওপর দিয়ে জালে জড়ান জিরাপর্ন মংকোলডি। এক মিনিট পর একই রকম আক্রমণ পোস্ট ছেড়ে ঠেকিয়েছেন রুপনা। ২৯ মিনিটে এক গোল শোধ করে বাংলাদেশ। কর্নার থেকে নেওয়া মারিয়া মান্দার শটে মাথা ঠুকেই উদযাপনে মাতেন শামসুন্নাহার জুনিয়র।
এক গোল হজম করলেও থাইল্যান্ডের আক্রমণে ভাটা পড়েনি। ৩৪ মিনিটে আরও একবার বাংলাদেশের রক্ষণ দেয়াল টপকে যায় তারা। শামসুন্নাহার সিনিয়র ও আফঈদা খন্দকারের বাধা পেরিয়ে তৃতীয় গোলটি করেন প্রতিপক্ষ ফুটবলার ম্যাডিসন ক্যাস্টিন। প্রথমার্ধের শেষ দিকে রুপনার দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। বক্সের ভেতরে সতীর্থে ছোট পাস ফাঁকায় পেয়েছিলেন পেঙ্গনাম। তার শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে আটকে দেন তিনি। ৫৮তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান আরও বাড়ান জিরাপর্ন। বক্সে তাকে কোহাতি কিসকু পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় থাইল্যান্ড। জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখে থাইল্যান্ড। রুপনা রুখে দেন তাদের কয়েকটি প্রচেষ্টা। শেষ দিকে পোস্টের বাইরে মেরে জানিস্তা ভালো একটি সুযোগ নষ্ট করলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। আগামী মাসের আসর দুটিকে সামনে রেখে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের মেয়েরা। নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় ত্রিদেশীয় এই আমন্ত্রণমূলক সিরিজটি আয়োজন করছে বাফুফে। বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের অংশ নেওয়া নিশ্চিত হয়েছিল আগেই। বাফুফের একটি সূত্র বলেছে, মালয়েশিয়া এই সিরিজে খেলবে বলে নিশ্চয়তা দিয়েছে।











































