Home খেলাধুলা প্রথম ম্যাচ হেরে তানজিমের যে আক্ষেপ

প্রথম ম্যাচ হেরে তানজিমের যে আক্ষেপ

6


স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। গতকাল ক্যারিবিয়ানদের ১৬৬ রানের তাড়ায় ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রাখে টাইগাররা। তবে তাদের স্বীকৃত ব্যাটাররা ফিরে যান দ্বাদশ ওভারের মধ্যেই। ১৬ রানের হারের পর তানজিম হাসান সাকিবের আক্ষেপ, টপ বা মিডল অর্ডারের কেউ থাকলে অথবা কোনো সেট ব্যাটার থাকলেও শেষটা অন্যরকম হতে পারত।

চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে ছক্কা হাঁকালেও, পা দিয়ে স্টাম্প ভেঙে দেন তাসকিন আহমেদ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করা তানজিম সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি দেখেন, শেষের দিকে শিশিরের কারণে বল অনেক সহজে ব্যাটে আসছিল। আমার মনে হয়, যদি একজন থিতু ব্যাটসম্যান থাকত, তাহলে ম্যাচটি অনেক সহজ হয়ে যেত। শেষ দুই ওভারে ৩০ রান দরকার ছিল, একজন থিতু ব্যাটার থাকলে ম্যাচ হাতের মধ্যেই থাকত।’

মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল মনে করে তিনি বলেন, ‘আমার মনে হয়, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যদি তারা ম্যাচটা গভীরে নিয়ে যেতে পারত, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল একই মাঠে নামবে দুদল।