Home খেলাধুলা এল ক্লাসিকোর পর ছিটকে গেলেন কার্ভাহাল

এল ক্লাসিকোর পর ছিটকে গেলেন কার্ভাহাল

7


স্পোর্টস ডেস্ক।।
বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় তুলে নেয়ার পর দুঃসংবাদ দিলো রিয়াল মাদ্রিদ। অন্তত দুই থেকে তিন মাসের জন্য ছিটকে গেলেন অল হোয়াইটদের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল। এক বিবৃতিতে সোমবার রিয়াল জানায়, তাদের স্প্যানিশ ডিফেন্ডারের ডান হাঁটুতে সমস্যা ধরা পড়েছে, এ জন্য তার সার্জারির দরকার। আর তেমনটা হলে বছরের বাকি সময়টারে কার্ভাকে মাঠে দেখার সম্ভাবনা ক্ষীণ।

সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার বিপক্ষে গত রোববার ২-১ গোলে জয় তুলে নেয় রিয়াল। ঘরের মাঠে ৭৩তম মিনিটে অধিনায়ক ফেদে ভালভার্দের বদলি হিসেবে নামেন কার্ভা। সোমবার নিজেদের বিবৃতিতে রিয়াল বলে, ‘অধিনায়ক দানি কার্ভাহালের কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর তার ডান হাঁটুতে কিছু সমস্যা ধরা পড়েছে। এ কারণে তাকে আর্থ্রোস্কপি সার্জারি করাতে হবে।’ ৩৩ বছর বয়সী কার্ভার সমস্যাটি স্প্যানিশ জায়ান্টরা উল্লেখ করে হাঁটুতে ‘লুজ বডি’ হিসেবে। এর মানে, তার জয়েন্টের কোনো হাড়ে চিড় ধরেছে বা আলগা হয়ে গেছে। দলের অভিজ্ঞ ডিফেন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন সে বিষয়ে রিয়াল কিছু না জানালেও, বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে অন্তত ২-৩ মাস মাঠের বাইরে থাকতে হবে কার্ভাকে।

মৌসুমের শুরুর দিকেই বড় ধাক্কা খেলো নাপোলিও। ডান ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন কেভিন ডি ব্রুইনা। অন্তত তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এ বেলজিয়ান মিডফিল্ডারকে।

সিরি আতে গত শনিবার ইন্টার মিলান ম্যাচে চোট পান ব্রুইনা। সেদিন ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেই চোটের সম্মুখীন হন তিনি। ৩-১ গোলে জেতা ম্যাচটির পর হাসপাতালে নিতে হয় ব্রুইনাকে। সোমবার এক বিবৃতিতে স্ক্যানে তার গুরুতর চোট ধরা পড়ার কথা জানায় নাপোলি। ব্রুইনার ফেরার সময়ের ব্যাপারে ক্লাব কিছু না বললেও, ইতালিয়ান গণমাধ্যমের খবর, অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী ব্রুইনাকে।