Home Lead ফিল্মি স্টাইলে কুয়েট কর্মচারীর বাড়িতে গুলিবর্ষণ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ফিল্মি স্টাইলে কুয়েট কর্মচারীর বাড়িতে গুলিবর্ষণ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

59

স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একাধারে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লেও বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর আতঙ্কে রয়েছেন হামলার শিকার ওই বাড়ির পরিবারের সদস্যরা।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে এসে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলি ছোঁড়ার পর পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালার থাই গ্লাস ভেঙে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার নিজ রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।

ঘটনার পর মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি। এমন কি তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কারা এবং কী কারণে গুলি করেছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি।