ক্রীড়া প্রতিবেদক।।
সম্প্রীতি আর সৌহার্দ বাড়াতে আরও একবার প্রীতি ফুটবল ম্যাচ খেলছেন দেশের উপদেষ্টা ও ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা। শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ ৩-০ গোলে জিতে নিয়েছেন কূটনীতিকরা।
বিকাল ৫টায় একে একে স্টেডিয়ামে প্রবেশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ অন্যরা। লাল জার্সি পরে মাঠে নামেন তারা।
অন্যদিকে নীল জার্সিতে খেলেন কূটনীতিকরা। খেলাশেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আগে কূটনীতিকদের সঙ্গে খেলায় আমরা জিতেছিলাম। এবার তারা জয় পেয়েছে। কারণ ম্যাচটি আমরা খুবই হালকাভাবে নিয়েছিলাম। আমরা কোনো অনুশীলন করিনি। তৃতীয় ম্যাচ হবে ডিসেম্বরে।’ আসিফ মাহমুদ বলেন, ‘এটা হচ্ছে কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক সুন্দর করার প্রীতি ম্যাচ।’











































