স্টাফ রিপোর্টার।।
আগামী সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডাকছে বিএনপি। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঢাকায় যাবেন অন্তত ২০ জন। এ ছাড়া বিভাগের ৩৬টি সংসদীয় আসন থেকে ঢাকায় যাচ্ছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী।











































