স্পোর্টস ডেস্ক
আগেই নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের। গতকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিতে উঠল স্বাগতিক ভারতও। কিউই নারীদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫৩ রানে জিতেছেন হারমানপ্রীত কৌররা।
৮ দল নিয়ে চলমান এই টুর্নামেন্টে প্রথম ৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পয়েন্ট ১১, ১০ ও ৯। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৬ ও নিউজিল্যান্ডের ৪। গ্রুপপর্বে আরও এক ম্যাচ বাকি। তার আগেই সেমিফাইনাল নিশ্চিত হলো ভারতের।
নিউজিল্যান্ড যদি শেষ ম্যাচে জেতে আর ভারত হেরে যায়, তাহলে দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপপর্বে যাদের বেশি জয় থাকবে তারাই খেলবে সেমিফাইনাল। গ্রুপপর্বে এখনো পর্যন্ত তিনটি জয় পেয়েছে ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ডের ৪ পয়েন্টের একটি জয় থেকে ও বাকি ২ পয়েন্ট ম্যাচ পরিত্যক্ত হওয়ায়।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে বারবার ম্যাচে বাধা দেয় বৃষ্টি। ভারতের ইনিংসের শেষ দিকে বৃষ্টি নামায় প্রথম দফায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৯ ওভারে। স্বাগতিকরা করে ৩ উইকেটে ৩৪০ রান। ভারতের জয়ের ভিত গড়ে দেন তাদের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রাতিকা রাওয়াল। ২১২ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে বেশ কিছু রেকর্ডে নাম লেখান তারা। সেঞ্চুরির দেখা পান দুজনই। ১৩ চার ও ২ ছক্কায় ১৩৪ বলে সর্বোচ্চ ১২২ রান করেন রাওয়াল। ১০ চার ও ৪ ছক্কায় ৯৫ বলে ১০৯ রান করে ম্যাচ-সেরার স্বীকৃতি পান মান্ধানা। ৫৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা রদ্রিগ্স।
ইনিংস বিরতিতে আরেক দফা বৃষ্টির পর নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫। ৮ উইকেট হারিয়ে ২৭১ পর্যন্ত যেতে পারে তারা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চাশ ছাড়াতে পারেন দুজন। ৮৪ বলে ৮১ রান করেন ব্রুক হ্যালিডে। ৫১ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন ইসাবেলা গেজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এই ম্যাচে রেকর্ড হয় দর্শক সংখ্যায়। অফিসিয়ালি এই ম্যাচের দর্শকসংখ্যা ২৫ হাজার ১৬৬ জন। মেয়েদের আইসিসি ইভেন্টের ইতিহাসে গ্রুপ ম্যাচে এত দর্শক হয়নি আগে কখনোই।











































