স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের মাঝপথে স্পিনার আকিল হোসেনকে দলে ভিড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আর দেরি করেনি ক্যারিবিয়ানরা। সিরিজ শুরুর আগেই দলে নিয়েছে বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরকে।
ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল আগেই। তবে চোট পেয়ে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ। তার পরিবর্তে অন্য কোনো পেসার না নিয়ে স্পিনারই দলে নিল উইন্ডিজরা।
মিরপুরে ওয়ানডে সিরিজে স্পিনারদের দাপট ওয়েস্ট ইন্ডিজ বুঝেছিল প্রথম ম্যাচের পরই। পরে চোট পাওয়া দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডসের বদলে পেসার র্যামন সিমন্ডস ও স্পিনার আকিলকে যোগ করা হয়।
যদিও মিরপুরের পিচের মতো টি-টোয়েন্টি সিরিজ হতে যাওয়া চট্টগ্রামের পিচ এতটা উইকেট সহায়ক হবে না। তবে স্পিন প্রস্তুতি ভালোভাবেই সারছে ক্যারিবিয়ানরা। টি-টোয়েন্টি সিরিজে পিয়েরকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে বাঁহাতি স্পিনার থাকছে তিনজন। আকিল হোসেন ও গুডাকেশ মোটি আছেন আগে থেকেই।
মিরপুরে হওয়া ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ছিলেন পিয়ের। তবে প্রথম ম্যাচে একটি উইকেট নেওয়ার পর অন্য দুই ম্যাচে আর কোনো উইকেট পাননি ৩৪ বছর বয়সী এই স্পিনার। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী সোমবার, বুধবার ও শুক্রবার।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।











































