Home আন্তর্জাতিক উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৬

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৬

5


অনলাইন ডেস্ক।।
আফ্রিকার দেশ উগান্ডার কামপালা-গুলু মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একাধিক যানবাহনের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রথমে মৃতের সংখ্যা ৬৩ বলে জানানো হলেও পরে পুলিশ তা সংশোধন করে জানায়, কিছু অচেতন ব্যক্তিকে মৃত ভেবে গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে। দুটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে লরি ও একটি প্রাইভেট কার ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথমে আচমকা স্টিয়ারিং ঘোরানোয় দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়, পরে আশেপাশের আরও গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অনেক যাত্রীকে পশ্চিমাঞ্চলীয় কিরিয়ানোডাঙ্গো শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর একটি তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য ও জরুরি সেবার সংস্থাগুলোর সহায়তায় মৃত ও আহতদের সংখ্যা নিশ্চিত করা এবং ঘটনার সঠিক কারণ নির্ধারণে কাজ চলছে।

দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ উগান্ডা শিলিং (প্রায় ১৪৩০ ডলার) এবং আহতদের জন্য ১০ লাখ করে অর্থ সহায়তার নির্দেশ দেন

উল্লেখ্য কামপালা ও গুলুর মধ্যকার মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক। পুলিশ সকল চালককে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এটি দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।