Home জাতীয় পররাষ্ট্র উপদেষ্টা: ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি করা অনেক প্রকল্পের অস্তিত্বই নেই

পররাষ্ট্র উপদেষ্টা: ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি করা অনেক প্রকল্পের অস্তিত্বই নেই

7


খুলনাঞ্চল রিপোর্ট
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত চুক্তির তালিকার বেশিরভাগই সঠিক নয়। বাস্তবে অনেক প্রকল্পের অস্তিত্বই নেই।
মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চুক্তির তালিকা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘যে তালিকাটি এসেছে এটা কোনো একজন দিয়েছে…সার্কুলার করেছে। সেটা সম্ভবত একজন উপদেষ্টা তার নিজের ফেসবুকে রিপোস্ট করেছেন একটা কমেন্টসহ।’ তবে তৌহিদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের করা কমেন্ট নিয়ে কোনো মন্তব্য করতে চননি। তিনি বিষয়টি পরিষ্কার করতে এলওসি-সম্পর্কিত চুক্তিগুলোর তালিকা পড়ে শোনান এবং বলেন, এর কিছু চুক্তি এখনো পর্যালোচনার পর্যায়ে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে তালিকাটা এসেছে, এটা কোনো একজন দিয়েছেন। সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্টসহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। হয়তো এটা উনি না করলেও পারতেন।’
তিনি বলেন, ‘যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি বাতিল করা হয়েছে। এটা অনেক পুরোনো, অনেক দিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই- অন্য রকম ডেসক্রিপশনে কিছু আছে।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে মোট কয়টি চুক্তি বাতিল করা হয়েছে- জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের তৌহিদ হোসেন বলেন, ‘একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে। বেশ কিছু পুনর্বিবেচনা-পর্যালোচনা চলছে।’
কোনগুলো পুনর্বিবেচনা-পর্যালোচনা পর্যায়ে আছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যখন কোনো নেগোসিয়েশন হয়, তখন আসলে সার্বক্ষণিক সেগুলো তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো।’
কোনো চুক্তি সই অথবা বাতিল হলে জানানো হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘মোংলা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে লাইন অব ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলো আছে, সেগুলো আমরা বাতিল করার চেষ্টা করছি।’