Home আঞ্চলিক মাগুরায় তিন ডিলারের বিরুদ্ধে ২৬ লাখ টাকার অনিয়মের অভিযোগ

মাগুরায় তিন ডিলারের বিরুদ্ধে ২৬ লাখ টাকার অনিয়মের অভিযোগ

19



মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলায় ভুয়া কস্ট স্লিপ জমা দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রায় ২৬ লাখ টাকার পণ্য উত্তোলনের অভিযোগ উঠেছে তিন ডিলারের বিরুদ্ধে। সরকারি নির্ধারিত ব্যাংক হিসাব নম্বরে টাকা জমা না দিয়েই তারা এই অনিয়ম করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযুক্ত ডিলাররা হলেন- মেসার্স লস্কার এন্টারপ্রাইজের মালিক মো. ইদ্রিস লস্কার, মেসার্স রোকসানা এন্টারপ্রাইজের রোকসানা খাতুন ও মেসার্স খন্দকার এন্টারপ্রাইজের খন্দকার শফিকুল ইসলাম।

তাদের সহযোগিতার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক, শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মানবেন্দ্র নাথ বিশ্বাসের বিরুদ্ধে। তার স্বাক্ষর ও ব্যাংকের সিল ব্যবহার করে জাল কস্ট স্লিপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই তিন ডিলার ৮টি ভুয়া কস্ট স্লিপ ব্যবহার করে জেলা প্রশাসনের বরাদ্দ পাওয়া ডাল, চিনি ও তেল উত্তোলন করেন। এসব পণ্যের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২৬ লাখ ৮ হাজার টাকা। অথচ ওই অর্থ জেলা প্রশাসনের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়া হয়নি।

বিষয়টি সম্প্রতি মাগুরা জেলা প্রশাসনের নজরে আসলে, প্রাথমিক তদন্তে ব্যাংক কর্মকর্তা ও প্রশাসনের কিছু ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’