Home জাতীয় সংসদ নির্বাচন: ভোটের মাঠে আটদিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

সংসদ নির্বাচন: ভোটের মাঠে আটদিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

8


ঢাকা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগে ও পরে আটদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তাব উঠেছে নির্বাচন কমিশনের বৈঠকে। সোমবার এ বৈঠক হয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে।
বৈঠক শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, এবার ভোটে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল ইসির। তবে আজকের বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ইসি সচিব জানান, ভোটের আগে তিনদিন, ভোটের দিন ও ভোটের পরে নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটদিনের জন্য মাঠে ছিল সশস্ত্র বাহিনী। তবে যাতায়াতের জন্য আরও পাঁচদিন সময় নিয়েছিল। আর একাদশ সংসদ নির্বাচনে মাঠে ছিল দশদিন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কোনও সংশয় প্রকাশ করেনি। তবে নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনী বাজেটের ওপর নির্ভর করবে। বাজেট বরাদ্দের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
বৈঠক থেকে কোনও ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানান আখতার আহমেদ। বলেন, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিশ।
এদিন নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটা থেকে বৈঠক শুরু হয়। চলে প্রায় দুই ঘণ্টা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এতে অংশ নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।