পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাতির অভিযোগে মো. আলী হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার (২০ অক্টোবর) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, আলী হোসেন এবং সে অধিকাংশ সময় বাড়িতে থাকত না। রোববার সকালে তার স্বামী ও ভাই সোলায়মানসহ তারা তিনজনে বাড়িতে আসেন। রাতেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে ৫০-৬০ জন লোক তাদের বাড়ির সামনে এসে ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় আলী হোসেন ঘরের বাইরে বের হলে তাকে ধরে ঘরের পাশে একটি সুপারি বাগানে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আলী হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সোনিয়া আক্তার অভিযোগ করেন, স্থানীয় ফরিদের সঙ্গে আলী হোসেনের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ফরিদ, জানে আলম, মিরাজ ও তাদের সহযোগীরা আলী হোসেনকে ডাকাত সাজিয়ে হত্যা করেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, ‘আলী হোসেনকে মারধরের ঘটনায় রোববার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয়রা বলছেন, আলী হোসেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।











































