স্পোর্টস ডেস্ক।।
লা লিগার নিয়মিত মৌসুমের একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়রা প্রতীকী আন্দোলন শুরু করেছে। তবে শুক্রবার প্রথম ম্যাচে সেই প্রতিবাদ সরাসরি সম্প্রচারে দেখানো হয়নি।
রিয়াল ওভিয়েদো ও এসপানিওলের মধ্যকার ম্যাচের শুরুতে খেলোয়াড়রা প্রথম ১৫ সেকেন্ড খেলা বন্ধ রেখে প্রতিবাদ জানান। কিন্তু টেলিভিশনের বিশ্ব সম্প্রচারে ম্যাচের সেই অংশটি বাদ দিয়ে স্টেডিয়ামের বাইরের দৃশ্য দেখানো হয়।
এর কয়েক ঘণ্টা আগেই স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন ঘোষণা দিয়েছিল, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত নবম রাউন্ডের প্রতিটি ম্যাচের শুরুতেই খেলোয়াড়রা প্রতীকী প্রতিবাদ করবে।
ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, `লা লিগার যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে স্বচ্ছতা, সংলাপ ও সামঞ্জস্যের অভাব রয়েছে—এ কারণেই খেলোয়াড়রা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন।‘
গত সপ্তাহে লা লিগা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
২০টি ক্লাবের অধিনায়কেরা এই প্রতিবাদের পক্ষে মত দিয়েছেন। তবে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের খেলোয়াড়দের অংশ না নেয়ার অনুরোধ করা হয়েছে, যদিও তারা প্রতিবাদের মূল অবস্থানের সঙ্গে একমত।
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেন, `আমার খেলোয়াড়রা খুশি নয়, আমিও নই। ৭,২০০ কিলোমিটার ভ্রমণ আমাদের জন্য বাড়তি চাপ।‘
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য বলেছেন, `এটি আমেরিকান ক্রীড়া বাজারে আমাদের অবস্থান শক্ত করার বড় সুযোগ।‘
তবে খেলোয়াড়দের মতে, এই ভ্রমণ তাদের ব্যস্ত সূচিকে আরও কঠিন করে তুলবে। ফ্রেংকি ডি ইয়ং বলেন, `খেলোয়াড়দের ইতিমধ্যেই অতিরিক্ত ভ্রমণ ও ঠাসা সূচির মধ্যে খেলতে হচ্ছে।‘
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এই উদ্যোগকে সমর্থন করে বলেন, `বিদেশে ম্যাচ আয়োজন “দীর্ঘমেয়াদে রাজস্ব বাড়াতে এবং লিগের সম্প্রচারমূল্য বৃদ্ধিতে সহায়ক হবে।” তিনি জানান, প্রতি মৌসুমে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে (এনএফএল ক্লাব মায়ামি ডলফিনসের মাঠ) অনুষ্ঠিত ম্যাচে ভিয়ারিয়ালের ২–৩ হাজার সমর্থককে ফ্লোরিডায় নিয়ে যাওয়ার জন্য বিশেষ চার্টার বিমানের ব্যবস্থাও করবে লা লিগা।











































