আসাদুজ্জামান ইমন, ঢাকা
সংসদ ভবন এলাকায় প্রবেশ করা ‘জুলাই যোদ্ধাদের’ ধাওয়া দিয়ে বের করে দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। রণক্ষেত্রে রূপ নেয় মানিক মিয়া এভিনিউ। যান চলাচল বন্ধ রয়েছে। ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুইটি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন।
শুক্রবার সকালে তারা সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেট টপকে ভেতরে ঢোকেন। মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন। তারা অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহতদের বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ ৩ দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন। তাদের অন্য দুই দাবি- আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

রবিবার জেলা পর্যায়ে মহাসড়ক অবরোধের ঘোষণা ‘জুলাইযোদ্ধাদের’: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধা’ আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এবং তিন দফা আদায়ে রবিবার (১৯ অক্টোবর) জেলা পর্যায়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাইযোদ্ধারা’। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভের পর সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদের’ মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। এ সময় জুলাই সনদকে বিতর্কিত আখ্যা দিয়ে বিক্ষোভ করেন সদস্যরা। এটি বাতিলেরও দাবি জানান তারা। মাসুদ রানা বলেন, ‘‘আমাদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এ সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধ কর্মসূচিতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি দেশের সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করছি।’’
তিনি বলেন, ‘‘জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই-আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন করতে হবে। যাতে আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত না হওয়া পর্যন্ত হয়রানি করা না হয়।’’ এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ২০ বিক্ষোভকারী। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।











































