Home আঞ্চলিক আত্মগোপনে শেখ পরিবার: ব্যবসা-বাণিজ্য দেখভাল করছেন ঘনিষ্টজনরা

আত্মগোপনে শেখ পরিবার: ব্যবসা-বাণিজ্য দেখভাল করছেন ঘনিষ্টজনরা

384
জনরোষে ধ্বংসস্তূপ খুলনার শেখ বাড়ি


শামিম শিকদার।।
খুলনায় পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও, তাদের ঘনিষ্ঠ সহযোগী ও অঙ্গসংগঠনের প্রভাবশালী নেতারা প্রকাশ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন-এমন অভিযোগ উঠেছে নগরবাসীর পক্ষ থেকে।


গোপন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন প্রভাবশালী নেতা নিয়মিত গোপন বৈঠক করছেন এবং অনলাইনভিত্তিক বিভিন্ন গ্রুপে মিটিং চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে ‘আইনের চোখ কি তাদের জন্য বন্ধ?’ এদিকে খুলনায় আলোচিত শেখ পরিবারের ব্যবসা-বানিজ্য দেখভাল করছেন ওই পরিবারের ঘনিষ্টজন পরিচিত তিনজন। শুধু তাই তাদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। বিগত পতিত সরকারের আমলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে। সরকার পতনের এক বছর পেরিয়ে গেলেও খুলনায় শেখ পরিবারের ব্যবসা-বাণিজ্য বহাল তবিয়তে চলছে বলে অভিযোগ রয়েছে। শেখ সোহেল ও তার ঘনিষ্ঠ মহলের অধীনে থাকা বেশ কিছু ব্যবসা এখনো তাদের বিশ্বস্তজনদের মাধ্যমে নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।


সাজন গ্যাসের দোকান থেকে বহুতল ভবনের মালিক: ইকবালনগর এলাকার গ্যাস ব্যবসায়ী হিসেবে একসময় সাধারণ জীবনযাপন করতেন কাজী জয়নাল আবেদিন সাজন। কিন্তু শেখ সোহেলের ঘনিষ্ঠ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। বর্তমানে ডালমিল এলাকায় তিনি দুইতলা বাড়ির মালিক। নগরীতে একটি ১০ তলা ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করছে বলে জানাগেছে। দলের কোনো পদ না থাকলেও আওয়ামী আমলে ঠিকাদারি ব্যবসার বড় অংশ নিয়ন্ত্রণ করতেন সাজন। তার প্রভাব এতটাই ছিল যে, নগরীর বড় বড় ঠিকাদাররাও ছিলেন তার ছত্রছায়ায়। প্রশাসন এখনো কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না-এ প্রশ্ন ঘুরছে নগরবাসীর মুখে। অভিযোগ আছে শেখ সোহেল-রুবেলের ব্যবসা-বানিজ্য তিনিই পরিচালনা করছেন। যোগাযোগের চেষ্টা করলে সাজন বলেন, “একটু পরে ফোন দিচ্ছি,”-এরপরই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


বাপ্পি দেউলিয়া পরিবারের সন্তান থেকে কোটি টাকার মালিক: ময়লাপোতা এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা মোকাররমের ছেলে কাজী আশরাফ ফেরদৌস বাপ্পি শেখ সোহেলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এক সময় ব্যাংক দেউলিয়া হওয়া পিতার সংসারে বড় হওয়া বাপ্পি আজ নগরীতে ৩-৪টি ফ্ল্যাট ও বিপুল অর্থের মালিক। তেতুলতলা এলাকায় তার নামে একটি বিলাসবহুল শো-রুম রয়েছে বলে জানা গেছে। তিনি ব্যবসার একাংশ দেখভাল করছেন। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


সিরাজ শেখ সোহেলের ম্যানেজার থেকে জাহাজের মালিক: সোনাডাঙ্গা থানার আমতলা এলাকার সিরাজুল ইসলাম সিরাজ একসময় ছিলেন শেখ সোহেলের ম্যানেজার। বর্তমানে তিনি আলিশান চারতলা বাড়ির মালিক। শুধু তাই নয়, তার নামে একটি জাহাজও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বন্ধুদের ভাষায়, “সিরাজ এখন কত টাকার মালিক, সেটা সিরাজ নিজেও জানে না।” যদিও তিনি নিজে আত্মগোপনে থাকার দাবি করলেও নগরীতে প্রকাশ্যে দেখা মেলে তার। তিনিও ওই আলোচিত পরিবারের ব্যবসা-বানিজ্য দেখভাল করছেন।


পুলিশের বক্তব্য: খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “আমরা সব তথ্য-প্রমাণ হাতে পেয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


জনমনে প্রশ্ন: সরকার পরিবর্তনের পরও শেখ পরিবারের ব্যবসায়িক প্রভাব ও ঘনিষ্ঠজনদের দাপট কমেনি-এমন অভিযোগ নতুন নয়। খুলনা নগরীর সচেতন মহল বলছে, আইন সবার জন্য সমান না হলে রাষ্ট্রের প্রতি আস্থা দুর্বল হবে। একজন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক বছরের মধ্যে যারা কোটি টাকার মালিক হয়েছে, তাদের সম্পদের উৎস খুঁজে বের করুক পুলিশ। না হলে মানুষ মনে করবে, রাজনীতি মানেই এখন ব্যবসা।” চলমান এই পরিস্থিতিতে খুলনার সাধারণ মানুষ জানতে চায়-আইনের আওতার বাইরে কি এখনো ‘বিশেষ কিছু মানুষ’?