Home জাতীয় বিদ্যুতের খুঁটিতে যুবককে বেঁধে নির্যাতন, আগুন দিয়ে হত্যাচেষ্টা

বিদ্যুতের খুঁটিতে যুবককে বেঁধে নির্যাতন, আগুন দিয়ে হত্যাচেষ্টা

7


খুলনাঞ্চল রিপোর্ট
রংপুরের পীরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওবায়দুল মিয়া (২৮) পাশের রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। নির্যাতনের সময় তাঁর শরীরে আগুন দিয়ে নির্যাতনও চালানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় ওবায়দুল মিয়া পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বাহাদুরপুরের ওসমান আলীর ছেলে। স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, পাটগ্রাম আদিবাসীপাড়ার বাসিন্দা জসেদ মারান্ডির সঙ্গে ওবায়দুলের সখ্য দীর্ঘদিনের। তারা একসঙ্গেই চলাফেরা করেন। শনিবার সন্ধ্যায় জসেদের বাড়ির লোকজন শুরুতে ওবায়দুলকে ঘরে আটকে পিটুনি দেয়। পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে তাঁর শরীরে দেশীয় মদজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্বজনের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিলে পীরগঞ্জ থানা পুলিশ ওবায়দুলকে উদ্ধার করে। রাতেই তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
ওবায়দুলের ভাই আশরাফুল মিয়া বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে জসেদ মারান্ডির আগে থেকেই লেনদেন ছিল। শনিবার হাটে গরু কিনতে যাওয়ার কথা বলে ওবায়দুল বাড়ি থেকে বের হয়। জমি বিক্রির টাকাও সঙ্গে ছিল। পরে ওকে ফাঁদে ফেলে পিটিয়ে আগুন দিয়ে নির্যাতন করে।’ তাঁর ভাষ্য, ওবায়দুলের গলা থেকে স্বর্ণের চেইন, গরু কেনার টাকা ও অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জসেদ মারান্ডি বা তাঁর পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, শনিবার ওবায়দুলকে উদ্ধারে পুলিশ আসার সংবাদেই তারা পালিয়ে গেছে।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। রোববার রাত পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। বিদ্যুতের খুঁটিতে বেঁধে রড দিয়ে পিটিয়ে, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টাকে তিনি শুধু সহিংসতা নয়, মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও উল্লেখ করেন।