Home খেলাধুলা মারুফায় মুগ্ধ মালিঙ্গা মিতালি

মারুফায় মুগ্ধ মালিঙ্গা মিতালি

13


স্পোর্টস ডেস্ক।।
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্রিকেট বিশ্বকে নতুন করে নিজেকে চেনালেন বাংলাদেশের পেস বোলার মারুফা আক্তার। আর তার আগুনঝরা বোলিংয়ে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার নৈপুণ্যে প্রশংসা ঝরেছে শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার কণ্ঠে।
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলে একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে ছিলেন মারুফা। এদিন ম্যাচের প্রথম ওভারেই মারুফা পরপর দুই বলে সাজঘরে ফেরান পাকিস্তানের দুই ব্যাটার সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। আর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাসিথ মালিঙ্গা মারুফার বোলিং নিয়ে লেখেন, ‘একেবারে নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’ শুধু মালিঙ্গাই নন। মারুফার বোলিংয়ে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও। ভারতের সাবেক এ ক্রিকেটার বলেন, ‘ও অনেক সুইং পেয়েছে, কিন্তু শুধু সুইং পেলেই হবে না- ঠিক লাইন ও লেন্থে বল করতে হবে। মারুফা সেটা করেছে, আর তার পুরস্কারও পেয়েছে। টানা দুই উইকেট, হ্যাটট্রিকের সামনে ছিল। এর আগেও আমি তাকে দেখেছি, দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে তার গতি ও বোলিং অ্যাকশন দেখে মুগ্ধ হয়েছি। আজকের প্রথম ওভারে যা দেখলাম, একজন ফাস্ট বোলারের স্বপ্নের শুরু। একাদশে একমাত্র পেসার হয়েও দুই বড় উইকেট তুলে নেয়া দারুণ মুহূর্ত বাংলাদেশ দলের জন্যও।’