Home Lead রুদ্ধশ্বাস জয়ে আফগানদের হারিয়ে সিরিজ বাংলাদেশের

রুদ্ধশ্বাস জয়ে আফগানদের হারিয়ে সিরিজ বাংলাদেশের

9



স্পোর্টস ডেস্ক।।


শারজাহতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের জন্ম দিয়ে আফগানিস্তানকে ২ উইকেটে হারাল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পর শেষ মুহূর্তের স্নায়ুর চাপের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল জাকের আলীর দল।

শুক্রবার রাতে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (২) এবং সাইফ হাসানকে (১৮) হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী।

চতুর্থ উইকেটে এই জুটি ৫০ রান যোগ করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে জাকের (২৫ বলে ৩২) আউট হওয়ার পর আবারও পথ হারায় বাংলাদেশ। এরপর শামীম (৩৩), সাইফউদ্দিন (৪) ও রিশাদ (২) দ্রুত ফিরে গেলে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে দল।

শেষ মুহূর্তে জয়ের জন্য প্রয়োজন ছিল কঠিন সমীকরণ। তবে নবম উইকেটে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল ৫৫ রান যোগ করে ভালো সূচনা এনে দেন। জাদরান ৩৮, সেদিকুল্লাহ ২৩ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রানের ইনিংস খেলেন। শেষদিকে মোহাম্মদ নবি (২০) ও আজমতউল্লাহ ওমরজাইয়ের (১৯) ব্যাটে ভর করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশের পক্ষে দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন পেসার শরিফুল ইসলাম।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হলো।