Home Lead ছয় ঘণ্টায় ৩ কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট, শেষ মুহূর্তে কেজি কত?

ছয় ঘণ্টায় ৩ কোটি টাকার ইলিশ বিক্রির টার্গেট, শেষ মুহূর্তে কেজি কত?

35

স্টাফ রিপোর্টার।।


নিষেধাজ্ঞার শেষ সময়ে খুলনায় ইলিশ বেচাকেনার ধুম পড়েছে। তবে দাম আকাশ ছোঁয়া। একদিনের ব্যবধানেই ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ৬০০ টাকা পর্যন্ত।



শুক্রবার (৩ অক্টোবর) রাতে শেষ সময়ে কিছুটা কম দামের আশায় ক্রেতারা ইলিশ বাজারে ভিড় করলেও অনেকেই হতাশ হয়ে ফিরেছেন। অনেকেই আবার বাড়তি দামেই কিনেছেন ইলিশ ।

প্রজনন মৌসুমকে সামনে রেখে শুক্রবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন, ক্রয়, বিক্রয় নিষিদ্ধ হচ্ছে। শেষ সময়ে তাই রূপসা পাইকারি মাছ বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভিড়। কিছুটা কম দামে ইলিশ পাওয়ার আশায় ক্রেতারা এসে হতাশ হয়েছেন।

একদিন আগে বৃহস্পতিবার এক কেজি আকারের ইলিশ খুলনারর বিভিন্ন বাজারে ২৪০০ টাকা বিক্রি হলেও শুক্রবার রাতে সেই আকারের ইলিশ বিক্রি হয়েছে ২৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ একদিনের ব্যবধানে বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে। যেটি গত রাতে বিক্রি হয়েছে ১৮০০ থেকে ১৯০০ টাকা কেজি দরে। ৫০০ গ্রাম ওজনের ইলিশ যেটি একদিন আগেও ১২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। ২৫০ গ্রাম ওজনের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে। দাম বেশি হলেও কেনাবেচা ছিলো চোখে পড়ার মতো।

ঢাকায় বিদ্যুৎ কোম্পানিতে চাকরিরত তানভীর ছুটিতে খুলনায় এসেছেন। শেষ দিনে সন্ধ্যার পর ইলিশ কিনতে ছুটে যান রূপসা বাজারে। তবে হতাশ হয়েছেন তিনি। বলেন, ‘শেষ দিনে সাধারণত দাম কম পাওয়া যায়, প্রতি বছর শেষ দিনে মাছ কিনে রাখি। তবে এ বছর আর কিনতে পারলাম না। একদিনের ব্যবধানে এত দাম বৃদ্ধি মেনে নেয়া যায় না। বাজার তদারকি করা প্রয়োজন।’

তানভীর হতাশ হলেও অনেকেই বেশি দাম দিয়ে মাছ কিনেছেন খুশি মনে। মিস্ত্রিপাড়া এলাকার শামীমুর রহমান দাম বেশি হলেও এক কেজি ওজনের একটি এবং ৮০০ গ্রাম ওজনের দু’টি ইলিশ কিনেছেন।

তিনি বলেন, ‘আগামী ২২ দিন তো কিনতে পারবো না। আগামী সপ্তাহে বাড়িতে অতিথি আসার কথা রয়েছে। তাই দাম বেশি হলেও কিনে নিলাম তিনটি মাছ।’

আরেক ক্রেতা বজলুর রহমান বলেন, ‘প্রতি বছরই শেষ দিনে ইলিশ কিনতে আসি। তবে এ বছর কাঙ্ক্ষিত দামে কিনতে পারলাম না। তবে বাজার খুবই জমজমাট।’

এদিকে জমজমাট বেচকোনায় বিক্রেতারাও দারুণ খুশি। রূপসা বাজারের আড়ৎদার মুসা হাওলাদার বলেন, ‘এ বছরের মধ্যে আজই সর্বোচ্চ ইলিশ বিক্রি করেছি। আমার আড়ৎ থেকে আজ চার মণের মতো ইলিশ বিক্রি হয়েছে। দাম বেশি রাখতে বাধ্য হয়েছি, কারণ চাহিদার তুলনায় সরবরাহ কম, কিনতে হয়েছে বেশি দামে।’

রূপসার এই পাইকারি বাজরে সন্ধ্যার পর থেকে বেচা কেনা শুরু হয়। মধ্যরাত পর্যন্ত বেচাকেনা চলার কথা রয়েছে।

রুপসা পাইকারি আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু হাওলাদার বলেন, ‘শেষ দিনের বেচাকেনায় ব্যবসায়ীরা খুশি। শেষ একরাতেই ৩ কোটি টাকার মতো বেচাকেনা হবে বলে আশা করছি।’