Home আঞ্চলিক বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়: তুহিন

বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়: তুহিন

22


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এদেশে ধর্ম নিয়ে রাজনীতি এবং রাজনৈতিক ব্যবসা আর চলবে না। যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদের ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে। বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। যুগোপযোগী সিদ্ধান্ত ও রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দলটি সবসময় মানুষের প্রত্যাশাকে ধারণ করেছে। একটি দল বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের চেষ্টা করছে, যদিও তাদের এই প্রচেষ্টা বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে কোনো ব্যবসাই এই দেশে আর চলবে না। জনগণ এখন সচেতন, তারা কোনো ‘চেতনা ব্যবসায়ী’ বা ‘ধর্ম ব্যবসায়ী’কে প্রশ্রয় দেবে না। জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে প্রতারণা করার চেষ্টাও ব্যর্থ হবে।
শুক্রবার (০৩ অক্টোবর) জুম্মার নামাজের পূর্বে খুলনা মহানগরীর ২০নং ওয়ার্ডের শেখপাড়া আস্তানা জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের মানুষ জানে, ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা দেশ ও জাতির কল্যাণ চায় না। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী এবং সবসময় ঐক্য, শান্তি ও সম্প্রীতির রাজনীতিতেই আস্থা রাখে। আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচন হবে মানুষকে বাঁচানোর, দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন। সুতরাং জনগণ কোনো বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।
ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা দেশের শত্রু বলে মন্তব্য করে বিএনপির এই নেতা আরো বলেন কোন দেশ প্রেমিক শক্তি ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করতে পারে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার সাংবিধানিকভাবে স্মীকৃত। যার যার রাজনৈতিক দর্শন জনগণের সামনে উপস্থাপন করলে জনগণই ঠিক করবে তারা কাকে ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এক্ষেত্রে যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না। যারা সাধারণ মানুষকে ভোটের আশায় জান্নাতের টিকিট দিচ্ছে-তারা আসলে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। এদের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। এ সময় মসজিদের মুসল্লী ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।