স্টাফ রিপোর্টার
খুলনায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্বামী ইব্রাহীম হোসেনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার রাতে বাজার করে বাসায় ফিরছিলেন ইব্রাহীম ও তার স্ত্রী রাবেয়া আক্তার। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা রাবেয়ার প্রাক্তন স্বামী মো. রানা তাদের ওপর হামলা চালায়। এতে ইব্রাহীম গুরুতর জখম হন। পুলিশ আরও জানায়, ২০২১ সালে রাবেয়া আক্তার ও রানার ডিভোর্স হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় নয় মাস আগে তিনি ইব্রাহীমকে বিয়ে করেন। পারিবারিক কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী রাবেয়া আক্তার থানায় এসে অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। কি কারণে এ হামলা হয়েছে, তা তদন্ত চলছে।











































