ঢাকা অফিস।।
নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার সন্ধ্যায় শহরের ১ নম্বর বাবুরাইল বউবাজার এলাকার জনৈক পলাশের বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহত অন্য দুইজন হলেন- শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মিম (২৪) ও তার ৪ বছরের ছেলে আফরান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, চতুর্থ তলার ভাড়া বাসার দরজা ভেতর থেকে লক করা ছিল। পরে এলাকার লোকজন ও শিপলুর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ওড়না পেঁচানো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা হাবিবুল্লাহ শিপলুর মরদেহ উদ্ধার করা হয়। এবং অন্য একটি রুমে হাবিবুল্লাহ শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানের মুখের ওপর বালিশ চাপা ছিল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাবিবুল্লাহ শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। হাবিবুল্লাহ শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায়। উক্ত সমিতির গ্রাহকরা সমিতির নিকট টাকা পাওনা রয়েছে বলে জানা যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।











































